লড়াই চলছে পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের দ্বিতীয় বলেই চার দিয়ে শুরু করলেন হাশিম আমলা। মুখোমুখি হওয়া প্রথম বল গ্যালারিতে পাঠালেন জ্যাক ক্যালিস। এমন শুরুটাই বলে দিচ্ছিল দক্ষিণ আফ্রিকানদের লক্ষ্য। শেষ পর্যন্ত অবশ্য দুবাইয়ের মন্থর উইকেট আর ভারী আউটফিল্ড এতটা স্বচ্ছন্দে রান করতে দেয়নি ক্যালিস-আমলাকে। তবে পাকিস্তানকে বড় লক্ষ্য ছুড়ে দিতে কোনো সমস্যা হয়নি দক্ষিণ আফ্রিকার। এই দুজনের অপরাজিত সেঞ্চুরির সঙ্গে প্রথম ইনিংসের ১৩২ রানের লিড মিলিয়ে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ৪৫১। ২ উইকেটে ১০৯ রান নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান, শেষ দিনে প্রয়োজন ৩১২।এ সবকিছুই অবশ্য ক্রিকেটীয় সমীকরণ। বাস্তবতা বলছে, দ্বিতীয় ইনিংস শুরুর সময় পাকিস্তানের লক্ষ্য ছিল ১৩১ ওভার, ৪৫১ রান নয়। শেষ দিনেও তাই লক্ষ্য ৯০ ওভার কাটিয়ে দেওয়া, ৩১২ রান করা নয়। টেস্টে তিন শর বেশি রান তাড়া করে একবারই জিতেছে পাকিস্তান। সেটাও ১৫ বছর আগে শেষ ইনজামাম-মুশতাকের ৫৭ রানের অবিশ্বাস্য শেষ উইকেট জুটির কল্যাণে। বিশ্ব রেকর্ড গড়ে জয়ের স্বপ্নের চেয়ে তাই কোনো রকমে ম্যাচ বাঁচানোই হবে তাদের লক্ষ্য। তিন শর বেশি লক্ষ্য ছুড়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতাটা অবশ্য মিশ্র, তিনবার জয়ের পাশাপাশি হেরেছেও তিনবার।লক্ষ্য কঠিন হলেও পাকিস্তানের শুরুটা ছিল প্রথম ইনিংসের মতোই ইতিবাচক। তবে নিজেকে ছাড়িয়ে যেতে পারেননি মোহাম্মদ হাফিজ, বরাবরের মতোই চোখ ধাঁধানো কিছু শট খেলে আউট হয়েছেন উইকেটে থিতু হওয়ার পর। ধৈর্যের প্রতিমূর্তি হয়ে থাকা তৌফিক উমরকে স্লিপে দারুণ এক ক্যাচ বানিয়েছেন ক্যালিস। আজহার আলী ও ইউনুস খান এখন টেনে নিচ্ছেন পাকিস্তানকে।এর আগে ওয়াহাব রিয়াজকে হারিয়ে হীনবল হয়ে পড়া পাকিস্তানি বোলিংকে নাস্তানাবুদ করে ছেড়েছেন ফর্মের তুঙ্গে থাকা দুই ব্যাটসম্যান ক্যালিস ও আমলা। তৃতীয় উইকেটে ২৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন, এর মধ্যে কালই করেছেন ৪৭ ওভারে ১৭৯। দুজন এগিয়ে গেছেন প্রায় সমগতিতে, সেঞ্চুরি করেছেন পরপর ২ ওভারে। প্রথমে আমলা ছুঁয়েছেন ক্যারিয়ারের ১১তম আর এ বছর চতুর্থ সেঞ্চুরি। এ বছর ৮ টেস্টে ৯০.২৩ গড়ে আমলার রান ৯৯৪! বেশি আক্রমাত্মক ছিলেন অবশ্য ক্যালিস। ক্যারিয়ারের ৩৬তম সেঞ্চুরিতে ৮ চারের পাশে আছে চারটি ছক্কাও। ক্লান্ত থাকায় কাল বল হাতে নেননি, আজ নিশ্চয়ই বোলিংয়েও পরীক্ষা নেবেন পাকিস্তানিদের! তথ্যসূত্র: ওয়েবসাইট।