লড়াই চালিয়ে যাচ্ছেন রোবেন
এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডের অন্যতম ভরসার প্রতীক আর্জেন রোবেনের আঘাত বেশ চিন্তায়ই ফেলে দিয়েছে সমর্থকদের। তবে শিগগিরই সেরে উঠে বিশ্বকাপে খেলার আশা করছেন তিনি। ডাচ কোচ বার্ট ফন মারউইকও এই মুহূর্তে রোবেনের বিকল্প হিসেবে অন্য কোনো খেলোয়াড়কে না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন।গত শনিবার হাঙ্গেরির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ড ৬-১ গোলে জিতলেও পায়ে আঘাত পান এই উইংগার। গতকাল রোববার স্টুডিও ভোয়েটবালকে দেওয়া এক সাক্ষাত্কারে এই ডাচ তারকা জানান, পায়ের ওই জায়গায় এটাই তাঁর প্রথম আঘাত। যদিও এ ধরনের আঘাত থেকে সেরে উঠতে সাধারণত চার-ছয় সপ্তাহ সময় লাগে। তবে রোবেন বলেছেন, এই আঘাত কাটিয়ে বিশ্বকাপ খেলার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি।এদিকে নেদারল্যান্ডের কোচ ফন মারউইক আন্তরিকভাবেই রোবনকে দলে চান। সেই কারণে তিনি তাঁকে সেরে উঠার সময়টা দিতে চান। বিশ্বকাপে নেদারল্যান্ড যদি দ্বিতীয় রাউন্ডে ওঠে, তাহলে সেরে উঠার জন্য তিন সপ্তাহের মতো সময় পাচ্ছেন রোবেন।এখন নেদারল্যান্ডের সমর্থকদের কায়মনোবাক্যে প্রার্থনা একটাই—আঘাত থেকে রোবেনের দ্রুত মুক্তি।