লড়াই জমিয়ে তুলেছে চিটাগং কিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই হেরে পয়েন্ট তালিকার তলানিতে চলে গিয়েছিল চিটাগং কিংস। আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় দিয়ে আবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে ব্রেন্ডন টেলরের দল। সেই সঙ্গে জমে উঠেছে বিপিএলের শেষ চারে যাওয়ার লড়াইটাও। ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওভার হাতে রেখেই জয় তুলে নেয় চিটাগং। দলের জয়ে প্রধান ভূমিকা রেখেছেন অধিনায়ক টেলর। ৪৯ বলে ৬৯ রানের চমত্কার এক ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে হেসেখেলেই জয় পেয়েছে চিটাগং কিংস। প্রথম সাত ওভারের মধ্যে ৪৪ রানের মাথায় দুই ওপেনার নাঈম ইসলাম ও রবি বোপারার উইকেট হারালেও তৃতীয় উইকেটে ৯৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন অধিনায়ক ব্রেন্ডন টেলর ও রায়ান টেন ডেসকাট। আজকের এই জয় দিয়ে বিপিএলের পয়েন্ট তালিকাটা বেশ খানিকটাই পাল্টে দিয়েছে চিটাগং কিংস। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে সিলেট রয়্যালস, ঢাকা গ্ল্যাডিয়েটরস ও রংপুর রাইডার্স। চতুর্থ স্থানটির জন্য জোর লড়াই চলছে বরিশাল বার্নার্স, খুলনা রয়েল বেঙ্গলস, দুরন্ত রাজশাহী ও চিটাগং কিংসের মধ্যে। খুলনা এখন পর্যন্ত খেলেছে সাতটি ম্যাচ। তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। আর ছয়টি করে ম্যাচ খেলে বরিশাল, রাজশাহী ও চিটাগংয়ের সংগ্রহ ৪ পয়েন্ট। বিপিএলের মাঝপর্যায়ে পয়েন্ট তালিকার এই পরিস্থিতি থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়েরই ইঙ্গিত পাওয়া যায়।