লড়াই জমেছে লর্ডসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুবনেশ্বর কুমার
ভুবনেশ্বর কুমার

আন্দ্রে নেলকে ছক্কা মেরে জোহানেসবার্গে ব্যাট হাতে নেচেছিলেন শ্রীশান্ত। কাল লর্ডসে সেই উদ্যাপন ফিরিয়ে আনলেন রবীন্দ্র জাদেজা। বাঁহাতি অলরাউন্ডার অবশ্য কাল নাচেননি, তবে কম দর্শনীয় হলো না তাঁর ফিফটি উদ্যাপনও। ব্যাটকে তরবারি বানিয়ে শরীরের সামনে-পাশে এমনভাবে ঘোরালেন, যেন কুংফু-কারাতের প্রদর্শনী!
প্রথম শ্রেণির ক্রিকেটে তিন-তিনটি ট্রিপল সেঞ্চুরি করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের কালকের আগে করেছেন নয়টি ফিফটি। তার পরও স্রেফ একটা ফিফটিতে অমন উদ্যাপন! সেটা স্রেফ দশম ম্যাচে এসে প্রথম টেস্ট ফিফটি পেয়েছেন বলেই নিশ্চয়ই নয়। আট বছর আগে শ্রীশান্ত নেচেছিলেন নেলের সঙ্গে একচোট কথার আর মনস্তাত্ত্বিক লড়াইয়ের জবাব হিসেবে। জাদেজার লড়াইটা ছিল তো পুরো ইংল্যান্ডের সঙ্গেই! জেমস অ্যান্ডারসনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ইংল্যান্ডে এখন তিনি খলনায়ক। ব্যাট হাতে নামার সময় বা ফিল্ডিং-বোলিংয়ে দুয়ো দেওয়া হচ্ছে গ্যালারি থেকে। মাঠে স্লেজিংয়ের স্রোতও বেশ তীব্র হওয়ার কথা। জাদেজার জবাব ৪২ বলের ফিফটি আর ওই উদ্যাপনে!
ভুবনেশ্বর কুমার তো ছিলেনই। এই সিরিজের বিস্ময় যথারীতি কালও ছুঁয়েছেন পঞ্চাশ, চতুর্থ ইনিংসে তৃতীয় ফিফটি! এই দুজনের ব্যাটেই ইংল্যান্ডকে তিন শ ছাড়ানো লক্ষ্য দিতে পেরেছে ভারত। জাদেজা পরে বল হাতে নিয়েই ফিরিয়েছেন স্যাম রবসনকে (৭)। ৩১৯ রানের লক্ষ্যে ব্যাট করা ইংল্যান্ড দিন শেষ করেছে ৪ উইকেটে ১০৫ রানে। জয় পেতে আজ শেষ দিনে আরও ২১৪ রান করতে হবে ইংল্যান্ডকে। ভারতের দরকার ৬ উইকেট।
সকালে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে এক পাশ আগলে রাখা মুরালি বিজয়ের অসাধারণ ইনিংসটি শেষ হয় অ্যান্ডারসনের লাফিয়ে ওঠা এক বলে। প্রাপ্য সেঞ্চুরিটি থেকে তখন মাত্র ৫ রান দূরে বিজয়। ৭ উইকেট তুলে নিয়ে যখন ইনিংস গুঁড়িয়ে দেওয়ার প্রতীক্ষায় ইংল্যান্ড, তখনই জাদেজা ও ভুবনেশ্বরের পাল্টা-আক্রমণ। অষ্টম উইকেটে ৯৯ বলে ৯৯ রানের জুটি গড়েন দুজন। তথ্যসূত্র: স্টার স্পোর্টস, ক্রিকইনফো।