লড়াই দুই গোলরক্ষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ কোন দলকে সমর্থন দেবে আর্জেন্টিনার মানুষ? হিসাব বলছে—প্যারাগুয়ে। যেহেতু প্যারাগুয়ের কোচ জেরার্ডো মার্টিনো একজন আর্জেন্টাইন। এমনও শোনা যাচ্ছে, সার্জিও বাতিস্তাকে সরিয়ে তিনিই হতে চলেছেন আর্জেন্টিনার পরবর্তী কোচ। প্যারাগুয়ের আর্জেন্টাইন যোগসূত্র এখানেই শেষ হয়ে যাচ্ছে না। প্যারাগুয়ে দলে এমন তিনজন খেলোয়াড় আছেন যাঁদের জন্ম আর্জেন্টিনাতেই। উরুগুয়ে দলেও আছে এমন এক খেলোয়াড়, যাঁর জন্ম আর্জেন্টিনায়। কিন্তু এ কারণে তাঁর প্রতি সমর্থন তো দূরের কথা, উল্টো পারলে দুয়োই দেবে স্বাগতিক দর্শকেরা। নাড়ির টানকে ‘অস্বীকার’ করে, বুয়েনস এইরেসে জন্ম নেওয়া গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাই তো বিদায় করে দিয়েছেন আর্জেন্টিনাকে। কোয়ার্টার ফাইনালে তিনটা দুর্দান্ত সেভ করেছেন, টাইব্রেকারে গিয়েও ঠেকিয়ে দিয়েছেন কার্লোস তেভেজের শট।শট ঠেকিয়ে মুসলেরা আগেও হিরো বনেছেন। ইতালির লাৎসিওর হয়ে যখন খেলতেন, মাঝেমধ্যেই পেনাল্টি ঠেকিয়ে পাদপ্রদীপের আলোয় এসেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন ২০০৯ ইতালিয়ান কাপের ফাইনালেও টাইব্রেকারে দু-দুটি শট ঠেকিয়ে।অন্য প্রান্তের গোলপোস্টে যিনি থাকবেন, সেই জাস্টো ভিলারও কিন্তু কম যান না। গত বিশ্বকাপে অনেককেই চমকে দিয়ে প্যারাগুয়ে যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল, তাতে ভিলারের অবদান অনেক। পুরো টুর্নামেন্টে মাত্র দুটো গোল খেয়েছিলেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে নিজেদের প্রথম ম্যাচটাই ড্র করে দিয়েছিলেন দুর্দান্ত কিছু সেভ করে। কোয়ার্টার ফাইনালে ঠেকিয়ে দিয়েছিলেন জাভি আলোনসোর নেওয়া পেনাল্টিও। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে করা ডেভিড ভিয়ার একমাত্র গোলে জয় পেয়েছিল হবু চ্যাম্পিয়নরা।মার্টিনো কেন তাঁর ওপর এত আস্থা রাখেন, কেন অধিনায়কের বাহুবন্ধনী তাঁকেই দেওয়া হয়েছে, সেটা এই আসরেও প্রমাণ করিয়ে দিয়েছেন। একটা ম্যাচ না জিতেও প্যারাগুয়ে যে আজ ফাইনালে, তাতে তাঁর অবদানই বেশি। ব্রাজিল ম্যাচে নির্ধারিত সময়ে দারুণ কিছু সেভ করেছেন। সেই আত্মবিশ্বাসে বলীয়ান হয়েই হয়তো টাইব্রেকারেও ঠেকিয়েছেন একটা শট। ব্রাজিল ম্যাচের স্নায়বিক ধকল সামলে উঠতে না-উঠতেই ভেনেজুয়েলার সঙ্গে সেমিফাইনাল-উত্তেজনা। শেষ পর্যন্ত সেই ম্যাচটাও ১২০ মিনিট গড়িয়ে টাইব্রেকারে। এবারও একটা শট রুখে দেন ভিলার।আজ তাই শেষ পর্যন্ত আসল লড়াইটা হয়ে যেতে পারে দুই গোলরক্ষকের। ভিলার কিংবা মুসলেরার নৈপুণ্যই শেষ পর্যন্ত গড়ে দিতে পারে ব্যবধান।