লড়াই যেখানে ‘মুখোমুখি’ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর সব ম্যাচের মতোই একটি ক্রিকেট ম্যাচ। যথারীতি মুখোমুখি দুই দল। তবে লড়াই কতটা ‘মুখোমুখি’ হবে, সংশয় যথেষ্টই থাকছে। কেপটাউনে আজ শুরু দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড প্রথম টেস্ট, যেখানে দুই দলের লড়াইটা যেন নিজেদেরই মধ্যে। পাশাপাশি লেনে দৌড়াবে দুই পক্ষ, তবে লক্ষ্যটা ভিন্ন!আরেকটু খোলাসা করার আগে কিছু তথ্য জেনে নিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনোই সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। ২১ টেস্টের তিনটি মাত্র জিততে পেরেছে, দুটি আবার বর্ণবাদের অভিযোগে দক্ষিণ আফ্রিকা নিষিদ্ধ হওয়ার আগে। বাংলাদেশ আর জিম্বাবুয়েকে বাদ দিলে সর্বশেষ সিরিজ জিততে পেরেছে কিউইরা ২০০৬ সালে। টেস্ট র্যা ঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা শীর্ষে, নিউজিল্যান্ড আটে। বাস্তবের ব্যবধানটা হয়তো র্যা ঙ্কিংয়ের চেয়েও বেশি। অস্ট্রেলিয়ার মাটিতে সদ্য সিরিজজয়ী প্রোটিয়ারা উড়ছে আকাশে। শক্তিতে এমনিই যোজন-যোজন পিছিয়ে থাকা নিউজিল্যান্ড আরও বেশি ছন্নছাড়া অধিনায়ক বিতর্ক আর চোট সমস্যায়।সব মিলিয়েই তাই ‘মুখোমুখি লড়াই’ শব্দযুগল এই সিরিজে অনেকটা বেমানান। দুই দলের প্রাপ্তি-অপ্রাপ্তির ভাবনাতেও তাই ফারাক আকাশ-পাতাল। এক নম্বর জায়গাটা সুসংহত করতে চায় দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষের সঙ্গে র্যা ঙ্কিংয়ের ব্যবধানটা মাঠের পারফরম্যান্সে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জও নিচ্ছে। নিউজিল্যান্ড কী চায়? বলাই বাহুল্য, প্রবল প্রতিপক্ষের সামনে টিকে থাকাই বড় লক্ষ্য। সম্ভব হলে উন্নতির পথে পা ফেলার সুযোগটাও নেবে।দক্ষিণ আফ্রিকার জন্য এই সিরিজ ফুটবলের পেনাল্টি নেওয়ার মতো। ‘গোল’ করাটা এখানে ধরেই নেওয়া, মিস করলেই বিপদ! কিউইদের হোয়াইটওয়াশ করার কোনো বিকল্প নেই প্রোটিয়াদের সামনে। দুই টেস্টের সিরিজে ২-০-তে জিতলে মিলবে মাত্র একটি র্যা ঙ্কিং পয়েন্ট। ১-০ জয়ে হারাতে হবে ১ পয়েন্ট। আর সিরিজ হারলে শীর্ষস্থানটাই খোয়াতে হবে ইংল্যান্ডের কাছে। সিরিজ হার কেড়ে নেবে ৭ র্যা ঙ্কিং পয়েন্ট!পাওয়ার চেয়ে হারানোর ভয় বেশি—সতর্ক থাকার এটা একটা কারণ। তবে প্রোটিয়া কোচ গ্যারি কারস্টেনের দাবি, কিউইদের হালকা করে দেখছেন না, ‘২০১২ সালে আমাদের সাফল্যের মূল কারণ ছিল কোনো প্রতিপক্ষ বা পরিস্থিতিকে সহজভাবে না নেওয়া। সব সময়ই আমরা সম্ভব সেরা প্রস্তুতি নিয়েছি, যাতে মাঠে নেমে সেরা ফলটা আদায় করতে পারি। এই সিরিজও ভিন্নভাবে দেখছি না। ২০১৩ সালে আমরা ১০টির মতো টেস্ট খেলব। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে যাত্রার শুরুটা ভালো করতে চাই।’প্রত্যাশার চাপ নেই, এটা নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বড় স্বস্তি। খেলাটা যখন ক্রিকেট, শেষ কথা বলে কিছু নেই। কে জানে, নির্ভার কিউইরা ২০১২ সালটা আস্তাকুঁড়ে ফেলে নতুন বছরের শুরুতেই হয়তো চমকে দেবে প্রোটিয়াদের! ওয়েবসাইট।