লড়াই হবে স্পিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসি মুখে দুই ছাত্র সুনীল নারাইন আর স্যামুয়েল বদ্রিকে পাকিস্তানিদের ধোঁকা দেওয়ার কৌশলই হয়তো বাতলে দিচ্ছেন সাকলায়েন মুশতাক। কাল মিরপুরের অনুশীলনে  প্রথম আলো
হাসি মুখে দুই ছাত্র সুনীল নারাইন আর স্যামুয়েল বদ্রিকে পাকিস্তানিদের ধোঁকা দেওয়ার কৌশলই হয়তো বাতলে দিচ্ছেন সাকলায়েন মুশতাক। কাল মিরপুরের অনুশীলনে প্রথম আলো

শুরু থেকেই কী দারুণ মিল দুই দলের মধ্যে! ভারতের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু, পরে টানা দুটি করে ম্যাচ জিতে আবার ঘুরে দাঁড়ানো। জেতা ম্যাচ দুটির প্রতিপক্ষের নামও অভিন্ন—বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
এই মিলটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ জীবন-মরণ লড়াইয়ে ঠেলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে। তিনটি করে ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট ৪, তার মানে আজ মুখোমুখি লড়াইয়ে যারা জিতবে সেমিফাইনালের টিকিট থাকবে তাদের হাতেই। টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল বলে কিছু না থাকলেও আদতে যে ম্যাচটা অঘোষিত ‘কোয়ার্টার ফাইনাল’ই হয়ে গেল!
মিল আছে আরও একটা বিষয়ে এবং সেটাও আজ বড় নিয়ামক হয়ে উঠতে পারে বলে মনে করছেন দুই অধিনায়ক। স্পিন বোলিং। পাকিস্তানের জন্য স্পিন সব সময়ই একটা বড় শক্তির জায়গা। এই টুর্নামেন্টেও সেটা প্রমাণ করেছেন আজমল-হাফিজ-আফ্রিদিরা। তবে এই সংস্করণে বোলারদের র্যাঙ্কিং বলছে, স্পিন এখন বড় অস্ত্র ওয়েস্ট ইন্ডিজেরও। র্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে যে তাদের দুই স্পিনার—সুনীল নারাইন ও স্যামুয়েল বদ্রি! ‘পাকিস্তান তো মনে হচ্ছে ২০ ওভারের মধ্যে ১৬ ওভারই স্পিনার দিয়ে করাবে, কীভাবে সামলাবেন?’—কাল সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন শুনে ড্যারেন স্যামি তাই পাল্টা হুমকি দিতে পারলেন, ‘শুধু আমরাই তো আর ওদের স্পিনারদের খেলব না, ওদেরও আমাদের স্পিনারদের খেলতে হবে। সেরা দুজন স্পিনার তো আমাদেরই।’ শুধু র্যাঙ্কিং নয়, টুর্নামেন্টে এখন পর্যন্ত পারফরম্যান্সেও ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনাররা এগিয়ে। তিন ম্যাচে ৬.০৯ ইকোনমিতে ১৩ উইকেট নিয়েছেন ক্যারিবীয় তিন স্পিনার নারাইন, বদ্রি ও স্যামুয়েলস। আজমল, হাফিজ, আফ্রিদি ও বাবররা মিলে তিন ম্যাচে ৬.৫৯ ইকোনমিতে পেয়েছেন ১০ উইকেট।

গেইল-স্মিথ কিংবা আকমল-আফ্রিদির ঝোড়ো ব্যাটিংয়ের চেয়ে স্পিনের লড়াইটাকে বড় নিয়ামক মনে হওয়ার পেছনে ভূমিকা আছে মিরপুরের উইকেটেরও। তবে মাঠে নামার আগেই দুই দলের স্পিনারদের নিয়ে এত কথাবার্তার পেছনে আছেন আরও একজন—সাকলায়েন মুশতাক। আজমল-হাফিজদের পূর্বসূরি সাবেক এই পাকিস্তানি স্পিনার নিউজিল্যান্ড-বাংলাদেশ ঘুরে এখন ওয়েস্ট ইন্ডিজের স্পিন পরামর্শক।  তাঁর উপস্থিতি ওয়েস্ট ইন্ডিজের আত্মবিশ্বাস যেমন বাড়িয়ে দিয়েছে, তেমনি ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে পাকিস্তানকেও। আজমল-হাফিজদের কীভাবে খেলতে হবে সেটা সাকলায়েনের চেয়ে ভালোভাবে আর কে শেখাতে পারবেন গেইল-ব্রাভোদের! ‘ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের কানে এভাবে নিজের দেশকে হারানোর মন্ত্র পড়ে দিতে কেমন লাগছে?’—সংবাদ সম্মেলনে প্রশ্নটা শুনে পেশাদারি জবাব দিলেন সাকলায়েন, ‘এখন আমার দল একটাই, ওয়েস্ট ইন্ডিজ। আমি আমার কাজের ক্ষেত্রে সৎ, সুতরাং মনেপ্রাণে ওয়েস্ট ইন্ডিজের জয়ই চাইছি।’

এবং আজ সম্ভবত সাকলায়েনই একমাত্র পাকিস্তানি যিনি ওয়েস্ট ইন্ডিজের জয় চাইছেন!