লড়াই হবে হাড্ডাহাড্ডি: স্মিথ
চার বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়টা ছিল টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার জন্য একটা বিশাল অনুপ্রেরণা। তারপর দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে প্রোটিয়ারা দখল করেছিল টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা। এখন সেই শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী মাস থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে একই ফলাফলের পুনরাবৃত্তি ঘটাতে চাইছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। তবে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়টা খুব বেশি সহজ হবে না বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল এই টেস্ট অধিনায়ক। তিন ম্যাচের এই টেস্ট সিরিজে লড়াইটা বেশ জমজমাট হবে বলে অনুমান করছেন তিনি।আগামী মাসের ৯ তারিখ থেকে ব্রিসবেনে শুরু হবে তিন ম্যাচের এই টেস্ট সিরিজ। চার বছর আগে শেষ অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত সাফল্য পেলেও এবার পরিস্থিতি অনেকটা বদলে গেছে বলে মনে করছেন গ্রায়েম স্মিথ। আর সেই পরিবেশ বুঝে ভালো খেলতে পারাটাই এখন সফরকারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তিনি বলেছেন, ‘আবার অস্ট্রেলিয়ায় এসে সিরিজ জয় করাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। চার বছর আগে ওই পরিস্থিতিতে অস্ট্রেলিয়াকে যে আমরা হারাতে পারব, সেটা হয়তো আমরা অনেকেই আগে ভাবিনি। কিন্তু আমরা সেটা করতে পেরেছিলাম। আর সেখান থেকে আমরা অনেক কিছু নিয়েছি। সেই সফরের পর আমরা টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স দেখিয়েছি। যেটা আমাদের অনেকগুলো সাফল্য অর্জনের ভিত্তি গড়ে দিয়েছিল।’শুধু চার বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ই নয়, টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ের সাফল্যগুলো নিশ্চয়ই আত্মবিশ্বাস বাড়াবে দক্ষিণ আফ্রিকার। এ বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে তারা দখল করেছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা। আর ২০০৬ সালে শ্রীলঙ্কা সফরে ২-০ ব্যবধানে সিরিজ হারের পর প্রতিপক্ষের মাটিতে আর কোনো সিরিজে হারের মুখ দেখেনি প্রোটিয়ারা। তবে তার পরও অস্ট্রেলিয়া সফরে সতীর্থদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অধিনায়ক স্মিথ। তিনি বলেছেন, ‘প্রতিপক্ষের মাটিতে জয়টা সব সময়ই খুব কঠিন ব্যাপার। আর প্রতিটি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচই হবে খুব উত্তেজনাপূর্ণ। কাজেই আমাদের সব সময়ই সতর্ক থাকতে হবে।’ ইএসপিএন।