লড়াইটা অপূর্ণ থেকে গেল ইমরুলের

বছরটা খারাপ যাচ্ছিল ইমরুল কায়েসের। টানা ব্যর্থতায় একাদশে তাঁর জায়গা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। অবশেষে ইমরুলের ব্যাটিংয়ে দেখা গেছে লড়াইয়ের ছাপ। পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ও ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম ফিফটি। কিন্তু ফিফটিটা রূপ দিতে পারেননি তিন অঙ্কে। ইমরান তাহিরের গুগলিটা পড়তে না পেরে এক্সট্রা কাভারে এবি ডি ভিলিয়ার্সের সহজ ক্যাচ হওয়ার আগে করেছেন ৬৮ রান।
ইমরুল অবশ্য একটা সুযোগ পেয়েছিলেন। প্যাটারসনের বলে পয়েন্টে যখন জেপি ডুমিনি তাঁর ক্যাচটা ছাড়েন, বাঁহাতি ওপেনারের রান তখন ৪৯। পরে প্যাটারসনকেই বাউন্ডারি মেরে ফিফটি পূরণ করেছেন বাংলাদেশ ওপেনার। দক্ষিণ আফ্রিকার চাপিয়ে দেওয়া ৩৫৩ রানের বোঝা নিয়ে ব্যাটিং করা বাংলাদেশকে এগিয়ে নিতে একটা সেঞ্চুরি পাওনাই ছিল ইমরুলের কাছে।
শুধু আজ দক্ষিণ আফ্রিকার জবাব দিতে কেন, ইমরুলের কাছে একটা লম্বা ইনিংস পাওনা তো অনেক দিন ধরেই। গত বছর ডিসেম্বরে নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সর্বশেষ ৫০ পেরোনো ইনিংস খেলেছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পরে টানা ১৮টি ইনিংসে সেঞ্চুরি দূরে থাক, ফিফটিও পাননি ইমরুল। ৬ ইনিংসে আউট হয়েছেন ত্রিশের ঘরে। উইকেট থিতু হয়েছেন কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি।
টলে যাওয়া আত্মবিশ্বাসটা ফিরে পেতে আর গত কিছুদিনে তাঁর পারফরম্যান্স নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিতেই যেন আজ খেলছিলেন ইমরুল। ভালোই এগোচ্ছিলেন। পাশে পেয়েছিলেন চাপে ভালো খেলতে পারদর্শী মুশফিকুর রহিমকেও। দুজনের তৃতীয় উইকেট জুটিতে ওঠে ৯৩ রান। ইমরুলের চেষ্টাটা পূর্ণতা পেত যদি প্রোটিয়াদের বিপক্ষে ইনিংসটা আরও দূরে টেনে নিয়ে যেতে পারতেন। সেটি না হওয়ায় লড়াইটা তাঁর অপূর্ণই থেকে গেছে।