লড়াইটা আজ টিকে থাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকআউটের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নরা আজ নামছে একটি ‘নকআউট’ ম্যাচে। প্রতিপক্ষের জন্যও ম্যাচটি প্রায় নকআউট। এজবাস্টনে যে দল হারবে, তাদের জন্য টুর্নামেন্ট কার্যত শেষ!১৯৯৮ সালে ঢাকায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু হয়েছিল নকআউট বিশ্বকাপ নামে। দুই বছর পর কেনিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় টুর্নামেন্টটিও ছিল নকআউট—হারলেই বাদ! টানা তিনটি নকআউট ম্যাচ জিতে প্রথম আসরের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা শেষ আসর শুরু করেছে পরাজয় দিয়ে। পাকিস্তানও তা-ই। দুই দলেরই তাই পিঠ ঠেকে গেছে দেয়ালে।হারলেই যে সব শেষ, তা অবশ্য নয়। অঙ্কের হিসাবে সামান্য সুযোগ থাকবে। তবে সেটা এতই ‘যদি’ ও ‘কিন্তু’-নির্ভর যে আজ হেরে যাওয়া দল হয়তো দেশে ফেরার প্রস্তুতি শুরু করে দেবে। গ্রুপ পদ্ধতির টুর্নামেন্টেও আজ তাই নকআউটের উত্তেজনা।প্রথম ম্যাচে দুই দলই হেরেছে হাড্ডাহাড্ডি লড়াই করে। যদিও ধরনটা ছিল ভিন্ন। বোলারদের ব্যর্থতার পর দক্ষিণ আফ্রিকা লড়াই করেছে ব্যাটিংয়ে। সেই লড়াই শেষ হয়েছে ভারতের গড়া ৩৩১ রানের পাহাড়ের পাদদেশে। পাকিস্তান আবার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর লড়াই করেছে বোলিং-ফিল্ডিংয়ে। ১৭০ রানের পুঁজি নিয়েও জয়ের আশা জাগিয়ে শেষ পর্যন্ত ২ উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। বাঁচা-মরার ম্যাচে আজ তাই দুই দলের দুশ্চিন্তার জায়গা উল্টো—পাকিস্তানের ব্যাটিং, দক্ষিণ আফ্রিকার বোলিং।প্রথমটায় বিস্ময়ের কিছু নেই, ব্যাটিং অনেক দিনই পাকিস্তানের দুশ্চিন্তার নাম। বিস্ময় বলতে হয় বোলিং নিয়ে দক্ষিণ আফ্রিকার দুশ্চিন্তায় পড়া। সেটির মূলে অবশ্য চোট। অনেক দিনই জুটি বেঁধে ব্যাটসম্যানদের জীবন অতিষ্ঠ করে তুলছেন যাঁরা, সেই ডেল স্টেইন ও মরনে মরকেল চোটও বাধিয়েছেন একসঙ্গে। আক্ষেপের হাসিতে কোচ গ্যারি কারস্টেন বলছেন, ‘আমার দুই বছরের মেয়াদে এর আগে মাত্র একবার চোট পেয়েছিল মরনে, ডেল একবারও নয়। এবার দুজনই একসঙ্গে!’মরকেল তো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন, স্টেইনেরও আজ না-খেলার সম্ভাবনা বেশি। পুরোপুরি ফিট না হলে তাঁকে নামিয়ে ভবিষ্যতের জন্য ঝুঁকি নেবে না দল, ইঙ্গিত ম্যানেজার মোহাম্মদ মোসাজির। মরকেলের জায়গায় ডাক পাওয়া ক্রিস মরিসের ওয়ানডে অভিষেক তাই একরকম নিশ্চিতই। পাকিস্তানের একাদশে ইমরান ফারহাতের জায়গায় উমর আমিনকে আনার একটা ভাবনা ছাড়া বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। বোলিং তো বরাবরই দুর্দান্ত, প্রথম ম্যাচে ফিল্ডিংটাও দারুণ হয়েছে পাকিস্তানের। দুশ্চিন্তা বলতে ওই ব্যাটিং। মিসবাহ আর জামশেদ মিলে ১৪৬, বাকি নয় ব্যাটসম্যান মিলে ১৮—এই ছিল প্রথম ম্যাচে পাকিস্তানের ব্যাটিং। হাফিজ-মালিক-আকমলদের মতো অভিজ্ঞদের তাই দায়িত্ব নিয়ে খেলার তাগিদ দিয়েছেন অধিনায়ক মিসবাহ। ওয়ানডেতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা অনেক এগিয়ে। তবে সাম্প্রতিক ইতিহাস আবার এত একতরফা নয়। গত মার্চে দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজটি জিততে যথেষ্টই ঘাম ঝরাতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে (৩-২)। সপ্তাহ খানেক আগে প্রস্তুতি ম্যাচে তো হেরেই গেছে ৬ উইকেটে। ইতিহাস বা কাগজে-কলমের শক্তিতে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও আজ তাই ফেবারিট বলা যাচ্ছে না কাউকেই। তথ্যসূত্র: ওয়েবসাইট।