লড়াইটা এইচ১এন১-এর বিপক্ষেও
বৈজ্ঞানিক নাম এইচ১এন১। সাধারণ মানুষ অবশ্য সোয়াইন ফ্লু নামেই চেনে। গত বছর প্রায় মহামারি আকার ধারণ করেছিল এই ভাইরাস। মারা গিয়েছিল ১৫ হাজারের মতো মানুষ। আপাতত খবরের আড়ালে চাপা পড়ে আছে মানব প্রজাতির ভয়ংকর শত্রু হিসেবে আসা এই ভাইরাস। যদিও আশঙ্কা করা হচ্ছে, আগামী বিশ্বকাপে আয়োজকদের অন্যতম চ্যালেঞ্জ হবে সোয়াইন ফ্লু সংক্রমণ প্রতিরোধ। খোদ দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী অ্যারন মটসোয়ালেডি পরশু দেশটির সংসদে ব্যক্ত করেছেন এই আশঙ্কা।‘আমাদের জন্য একটা বড় আতঙ্ক হলো, জুনে যখন ২০১০ বিশ্বকাপ শুরু হবে, তখন আরেক দফা এইচ১এন১-এর সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে’—বলেছেন মটসোয়ালেডি।বিশ্বকাপের সময় দক্ষিণ আফ্রিকায় সাড়ে চার লাখের মতো দর্শক-পর্যটক দেশটিতে আসবে। যেখানে লোকসমাগম বেশি, সেখানেই সোয়াইন ফ্লু সংক্রমণের আশঙ্কা বেশি। ফলে বাড়তি সতর্কতা নিতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। ১৩ লাখ এইচ১এন১ ভ্যাকসিনের ডোজ সংগ্রহ করে রেখেছে তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে চাওয়া হয়েছে আরও ৩৫ লাখ ডোজ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা ডব্লিউএইচওর কাছ থেকে একটা চিঠি পেয়েছি, তাতে জানানো হয়েছে, আগামী মার্চের মধ্যেই অনুদানের ওই ভ্যাকসিনগুলো আমাদের হাতে পৌঁছাবে।’ডব্লিউএইচওর এই সহায়তায় ২৫০ মিলিয়ন র্যান্ড (৩২.৪৮ মিলিয়ন ডলার) বেঁচে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার। শুধু ভ্যাকসিন দিয়েই দায় সারছে না, ডব্লিউএইচও এ বিষয়ে কাঠামোগত সুবিধাও দিতে চায় দক্ষিণ আফ্রিকাকে। টুর্নামেন্ট চলার সময় এই রোগ যাতে ছড়িয়ে পড়তে না পারে—সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে আয়োজক দেশটিকে সাহায্য করছে ডব্লিউএইচও।গত বছর জুনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোয়াইন ফ্লুকে মহামারি হিসেবে ঘোষণা করে। উত্তর ও দক্ষিণ আমেরিকাতেই এর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। আফ্রিকা মহাদেশে অবশ্য প্রকোপ ছিল সবচেয়ে কম। এ ভাইরাসে আক্রান্ত হয়ে আফ্রিকায় মারা গেছে ১১৬ জন। কিন্তু কোনো ঝুঁকি নিতে রাজি নয় দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে আগামী বিশ্বকাপে দেশটিতে যখন পা রাখবে বিশ্বের নানা প্রান্তের সব মানুষ। ‘আমরা সবাইকে ভ্যাকসিন দেব। প্রথমত, গুরুত্ব পাবেন গর্ভবতী মায়েরা। ঢোকার মুখেই ভ্যাকসিনটা দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়া হবে ক্রীড়া প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও’—জানিয়েছেন মটসোয়ালেডি।আগামী বিশ্বকাপ শুধু অনিন্দ্যসুন্দর ফুটবলের লড়াই নয়, আয়োজক দেশের জন্য এ লড়াই কুিসত একটা ভাইরাসের বিপক্ষেও! ওয়েবসাইট।