লড়াইটা এখন একের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারোলিন ওজনিয়াকির বিদায়ে আগেই নিশ্চিত, অস্ট্রেলিয়ান ওপেন শেষে নতুন রানি পাচ্ছে টেনিস বিশ্ব। নতুন রানি হওয়ার দৌড়ে ছিলেন পূর্বদেশের তিন রাজকন্যা—পেত্রা কেভিতোভা, মারিয়া শারাপোভা ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। চেক প্রজাতন্ত্রের কেভিতোভার স্বপ্ন ভেঙে দিয়ে ফাইনালে উঠেছেন রুশ কন্যা শারাপোভা। কিম ক্লাইস্টার্সকে হারিয়ে প্রতিবেশী বেলারুশের আজারেঙ্কাও উঠে দাঁড়িয়েছেন শ্রেষ্ঠত্বের মঞ্চে। আগামীকাল রড লেভার অ্যারেনার ফাইনালে যিনি জিতবেন, তিনিই হতে যাচ্ছেন টেনিসের নতুন রানি। কাল সেমিফাইনালে চতুর্থ বাছাই শারাপোভা ৬-২, ৩-৬, ৬-৪ গেমে হারিয়েছেন দ্বিতীয় বাছাই কেভিতোভাকে। ৫৬ মিনিটের শেষ সেটের শেষ গেমটা জিতেছেন আবার সার্ভিস ব্রেক করে। চতুর্থ গ্র্যান্ড স্লাম জয়ের এক ম্যাচ দূরে থাকা শারাপোভা ম্যাচটা শুরু করেছিলেন কিছুটা আন্ডারডগ হিসেবে। র‌্যাঙ্কিং ও বাছাই—দুটোতেই কেভিতোভার চেয়ে দুই ধাপ পিছিয়ে তো ছিলেনই, দুজনের মুখোমুখি সর্বশেষ দুটো ম্যাচেও হেরেছিলেন ২০০৮ অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন, যার একটি আবার গত বছরের উইম্বলডনের ফাইনাল। প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ক্লাইস্টার্সকে ৬-৪, ১-৬, ৬-৩ গেমে হারিয়েছেন আজারেঙ্কা। দ্বিতীয় সেটে দারুণভাবে ফিরে এসেছিলেন শেষ অস্ট্রেলিয়ান ওপেন খেলা ‘অসি কিম’। ওই সেটে এলোমেলো খেলে ১৬টি আনফোর্সড এরর করা আজারেঙ্কা নিজেকে ফিরে পান শেষ সেটে। পেয়ে যান এ বছরের টানা একাদশ জয়। এর আগে আজারেঙ্কার সেরা গ্র্যান্ড স্লাম সাফল্য ছিল গত উইম্বলডনের শেষ চারে খেলা। তাঁর আগে গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলেছেন আর মাত্র একজন বেলারুশিয়ান। ১৯৮৮ সালে ফ্রেঞ্চ ওপেনে রানার্সআপ হয়েছিলেন নাতাশা জভেরভা। অবশ্য বেলারুশ তখন ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ। ম্যাচ শেষে বাষ্পরুদ্ধ চোখে আজারেঙ্কা বলেছেন, ‘শেষ পর্যন্ত জিততে পেরে হাপ ছেড়ে বাঁচলাম। এখন শুধু কাঁদতে ইচ্ছে করছে।’ আজারেঙ্কার প্রশংসা ঝরেছে ক্লাইস্টার্সের কণ্ঠেও, ‘জয়টা তাঁর পাওনাই ছিল।’ ওয়েবসাইট।