আরেকটি ছক্কা উড়ে গেল গ্যালারিতে। ধারাভাষ্যে নাসের হুসেইন বললেন, ‘এই খেলাটা ক্রিস গেইলের জন্যই আবিষ্কৃত হয়েছে।’পাল্লেকেলের গ্যালারি থেকে বল মাঠে ফেরত এল। নির্বিকার ভঙ্গিতে পরের বলটার জন্য অপেক্ষারত ব্যাটসম্যানের ভাবলেশহীন মুখে যেন পরের ছক্কাটার ঠিকানা আঁকা। টিভি ক্যামেরা ক্লোজআপে ধরল বোলারের হকচকিত মুখ। ঠিকই বলেছেন নাসের হুসেইন। টি-টোয়েন্টি খেলাটা ক্রিস হেনরি গেইলের জন্যই আবিষ্কৃত হয়েছে!টি-টোয়েন্টির এমনই ‘পোস্টার বয়’ হয়ে গেছেন যে, অনেকের মনেই থাকে না, টেস্টে জটাচুলধারী ব্যাটসম্যানের দুটি ট্রিপল সেঞ্চুরি আছে। টি-টোয়েন্টিতে পরাক্রমেরও প্রতীকী প্রমাণ আছে। প্রথম সেঞ্চুরিটা তাঁর। এই টি-টোয়েন্টি বিশ্বকাপটাও কি তাঁরই হতে যাচ্ছে?প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে গেছেন একজন। টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান, বেশি ছক্কা, বেশি উইকেট, প্রথম চার ম্যাচে টানা ম্যান অব দ্য ম্যাচ। পঞ্চম ম্যাচে ব্যর্থ, সেটিই আরও ভালো করে বুঝিয়ে দিয়েছে দলের সাফল্যে তাঁর ঝোড়ো শুরুর গুরুত্ব। টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার একমাত্র পরাজয়টা সেই ম্যাচেই। অস্ট্রেলিয়া দলে অনেক কিছুই আছে। কিন্তু শেন ওয়াটসন একজনই।আজ দ্বিতীয় সেমিফাইনালটা কি তাহলে নামেই অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ, আসলে যা ‘শেন ওয়াটসন বনাম ক্রিস গেইল’? প্রশ্নবোধক চিহ্নটা আসলেই বাহুল্য। যেকোনো বিজ্ঞাপনী সংস্থাকে এই ম্যাচের প্রোমো বানাতে দিলে নিশ্চিত ওই দুটি মুখকে যুযুধান করে দেওয়া হবে। ইনিংসের শুরুতে কার ব্যাটে বল বেশি লাগবে—এটাকেই যে ফাইনালে ওঠার নির্ধারক বলে মনে হচ্ছে।দুটি হাফ সেঞ্চুরি করেছেন, ছক্কা মেরেছেন ১০টি—তিনি ক্রিস গেইল বলেই মনে হচ্ছে, এ আর এমন কি! মাঠে লাইমলাইটটা তাঁর কাছ থেকে চুরি করে নিয়েছেন ওয়াটসন। মাঠের বাইরে অবশ্য ঠিকই গেইলরাজ। সেটি যত ভুল কারণেই হোক না কেন!টি-টোয়েন্টি বিশ্বকাপে গত দুই দিন ক্রিকেট ছাপিয়ে চার ব্রিটিশ তরুণীকে নিয়ে নানা মুখরোচক গল্প উড়ে বেড়াল; পরশু সকালে টিম হোটেলে ওয়েস্ট ইন্ডিজ দলের ফ্লোর থেকে যাঁদের গ্রেপ্তার করে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিয়েছে পুলিশ। এই জাতীয় ‘পাঠবহির্ভূত’ কর্মকাণ্ডের সঙ্গে ক্রিস গেইলের নামটা খুব ভালো যায়। ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার তাই তাঁর বিবৃতিতে আলাদা করে উল্লেখ করেছেন, সবাই যেমন বলছেন, এটা ক্রিস গেইল-সংক্রান্ত কোনো ব্যাপার নয়। এটি শুনে যদি ‘ঠাকুরঘরে কে রে...’ প্রবাদটা মনে পড়ে যায়, শুধু জানবেন, আপনার দলে আরও অনেকে আছেন।কাল দুপুরে পি সারাভানামুত্তু মাঠে ড্যারেন স্যামির সংবাদ সম্মেলনে অন্তত জনা পাঁচ-ছয় সাংবাদিক বেশি হলো এই বিতর্কের কারণে। স্যামিকে অবশ্য বলটা খেলতেই হলো না। এক ভারতীয় সাংবাদিক প্রশ্নটা করতেই ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার মুখে চরম বিরক্তি ফুটিয়ে হাত তুললেন, ‘নেক্সট কোয়েশ্চেন’। ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার সংবাদ সম্মেলনের পুরো সময়টা পাশে দাঁড়িয়ে থাকলেন। কারণ যে এই বিতর্ক, তা না বললেও বোধ হয় চলছে। রিচি রিচার্ডসন হয়তো অবাক হয়ে ভাবছিলেন, ‘কী দিনকাল পড়ল রে বাবা, ক্রিকেটারদের ঘরে মেয়ে ঢুকেছে বলেও এত হইচই হয়!’একটু দূরে বসে ক্রিস গেইল তখন নেটে যাবেন বলে মাথায় ওই পট্টিটা বাঁধছেন। ব্যাটিংয়ের সময় যেটি তাঁর হেলমেট থেকে ঘাড়ে নেমে থাকে। নেটে ব্যাটিং করতে যাবেন, মানে আশপাশে সতর্কসংকেত ছড়িয়ে দেবেন আর কি! নেটে গেইলের ব্যাটিং ম্যাচের মতোই মাঠের আশপাশে পার্কিং করা গাড়ির জন্য বিপজ্জনক।অস্ট্রেলিয়ান অধিনায়ক জর্জ বেইলি কোনো কূটনীতির ধার না ধেরে বলে দিয়েছেন, ‘গেইলটাকে শুরুতেই ফেরাতে হবে। শুধু তা হলেই ওদের চাপে ফেলা যাবে।’ স্যামি অবশ্য ব্যক্তিকে দলের ঊর্ধ্বে উঠতে না দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। গেইলের করে দেওয়া শুরুটার গুরুত্ব তিন-চার শব্দে সেরেই তিনি দলীয় প্রচেষ্টার জয়গান গাইতে শুরু করলেন।এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের থিম সংটাও এটাই—ওয়ান টিম, ওয়ান পিপল, ওয়ান গোল। ‘ওয়ান পিপল’ বলতে সব ক্যারিবিয়ান। শিরোপা-টিরোপা জিতলে উৎসর্গ করার প্রশ্ন আসে, স্যামি তার আগেই এই বিশ্বকাপটাকে উৎসর্গ করে দিলেন দুঃসময়ে-সন্তাপে পাশে থাকা সমর্থকদের। দিলেন ট্রফি জিতে তাদের মুখে হাসি ফোটানোর প্রতিশ্রুতিও, ‘আমরা এই টুর্নামেন্টকে দেখছি ১০০ মিটার হার্ডলসের মতো। আর দুটি হার্ডল পেরোতে বাকি।’লয়েড-রিচার্ডসদের সেই পরাক্রমশালী দিনে ওয়েস্ট ইন্ডিজ আর আদৌ কোনো দিন ফিরতে পারবে কি না, এ নিয়ে নানা প্রশ্ন আছে। তবে স্যামির নেতৃত্ব নানা দেশের ক্রিকেটারদের এক সুতায় বাঁধার কঠিন কাজটা মনে হচ্ছে ভালোই করতে পেরেছে। প্রেরণার নানা ক্ষেত্রও খুঁজে নিচ্ছে এই দল। বিশ্বকাপ শুরুর আগে কোচ ওটিস গিবসন যেমন ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে অলিম্পিকে ক্যারিবিয়ানদের সাফল্যের কথা মনে করিয়ে দিয়েছেন। আর স্যামি মনে করিয়ে দিলেন, এই একটা খেলাই ক্যারিবিয়ানদের একতাবদ্ধ করার মন্ত্র।ও হ্যাঁ, আজ অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল কিন্তু একটা নয়। ছেলেদেরটা তো পরে, এর আগে মেয়েদের সেমিফাইনালও অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। স্যামি হাসতে হাসতে বললেন, ‘কদিন আগে আমাদের মেয়েরা শ্রীলঙ্কার কাছে হারল। পরদিন আমরা হারলাম শ্রীলঙ্কার কাছে। আশা করি, এবার মেয়েরা আমাদের পথ দেখাবে। ওরা জিতবে, আমরাও ওদের অনুসরণ করব।’আচ্ছা, মেয়েদের দলেও এমন কোনো গেইল-ওয়াটসন দ্বৈরথ নেই তো! কে জানে!