২০০৯-১০ মৌসুমে উয়েফা কাপ নাম বদলে ইউরোপা লিগ হলো। প্রথম মৌসুমেই শিরোপা ঘরে তুলল অ্যাটলেটিকো মাদ্রিদ। এক মৌসুম পর আজ আবার দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে মাদ্রিদের ক্লাবটি। বুখারেস্টের অ্যারেনা ন্যাশনাল স্টেডিয়ামে অলস্প্যানিশ ফাইনালে তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও।অ্যাটলেটিকোর মতো অ্যাথলেটিকও ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা টুর্নামেন্টটিতে ফাইনাল খেলছে দ্বিতীয়বারের মতো। যদিও তাদের আগের ফাইনাল খেলার স্মৃতিটা ধূসর। একে তো সেটি ১৯৭৭ সালের ঘটনা, তার ওপর ম্যাচটি তারা হেরেছিল জুভেন্টাসের কাছে। আজ নিশ্চয় ৩৫ বছর আগের সেই হতাশার পুনরাবৃত্তি চাইবে না মার্সেলো বিয়েলসার দল।প্রসঙ্গক্রমে বিয়েলসার নামটি যখন এলই, তখন অন্য রকম একটা তথ্যও জানিয়ে দেওয়া দরকার। ইউরোপা লিগের আজকের অলস্প্যানিশ ফাইনালটির অন্য নাম ‘অল-আর্জেন্টাইন ফাইনাল’ও! অ্যাটলেটিকো এবং অ্যাথলেটিক দুই দলের কোচের দায়িত্বে দুই আর্জেন্টাইন। বিলবাওয়ের ডাগআউটে থাকবেন বিয়েলসা, অ্যাটলেটিকোতে ডিয়েগো সিমিওনে। তাঁরা গুরু-শিষ্যও। ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন বিয়েলসা। ২০০২-এ অবসরে যাওয়া সিমিওনে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ চারটি বছর খেলেছেন বিয়েলসার অধীনেই। গুরু বিয়েলসার কোচিং দর্শনে সিমিওনে এখনো মুগ্ধ। তবে সম্মুখযুদ্ধে নামার আগে সিমিওনের কথা, কোচদের দেওয়ার থাকে সামান্যই, মাঠে যা করার করতে হয় খেলোয়াড়দেরই, ‘খেলবে খেলোয়াড়েরা; আমরা স্রেফ বাইরে দাঁড়িয়ে থাকব।’ মুখে এমনটা বলছেন বটে; তবে ভয়ডরহীন বিয়েলসার বিলবাওয়ের বিপক্ষে নিজ দলের খেলোয়াড়দের ঠিকই সতর্ক থাকার তাড়না দিচ্ছেন সিমিওনে।বিয়েলসা-সিমিওনে যদি হন মাঠের বাইরের অনুপ্রেরণা, মাঠের অনুপ্রেরণার নাম রাদামেল ফ্যালকাও এবং ফার্নান্দো লরেন্তে। ১০ গোল করে ফ্যালকাও যেমন অ্যাটলেটিকো মাদ্রিদকে তুলে এনেছেন ফাইনালে, তেমনি বিলবাওকে ফাইনালে তুলতে ৭ গোল করা লরেন্তেরও বড় ভূমিকা। ফ্যালকাওয়ের আছে ইউরোপা লিগের ফাইনালে খেলার অভিজ্ঞতাও। গত মৌসুমে কলম্বিয়ান স্ট্রাইকার এক মৌসুমে রেকর্ড ১৭ গোল করে পোর্তোকে জিতিয়েছিলেন শিরোপা। ফাইনালের একমাত্র গোলটিও করেছিলেন তিনিই। আজও তাঁর দিকেই তাকিয়ে থাকবে অ্যাটলেটিকোর সমর্থকেরা। আর নিশ্চিতভাবেই অ্যাটলেটিকোর মাথাব্যথার বড় কারণ হয়ে থাকবেন লরেন্তে। এএফপি।