লড়াইটা তাঁদের দুজনেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজই সমাপ্তি রেখা ছুঁয়ে ফেলছে চ্যাম্পিয়নস ট্রফি। ১৯৯৮ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে পর্দা উঠেছিল যে ক্রিকেট যজ্ঞের, সুদূর বার্মিংহামের এজবাস্টনে পর্দা নামছে তার। আজ শেষের কবিতাটা লেখা হবে কাদের কেন্দ্র করে, ভারত না ইংল্যান্ড? আর চিত্রনাট্যের কেন্দ্রীয় চরিত্র হবেন কে? খেলাটা ক্রিকেট বলেই এই সব প্রশ্নের উত্তর ঠিক ঠিক দেওয়া যাচ্ছে না। তবে এটা বলেই দেওয়া যায় মূল লড়াইটা হবে ভারতের টপঅর্ডার ব্যাটিংয়ের সঙ্গে ইংল্যান্ডের পেস আক্রমণের। লড়াই হবে শিখর ধাওয়ানের সঙ্গে জেমস অ্যান্ডারসনের। চার ইনিংসে দুই সেঞ্চুরিসহ ৩৩২ রান। স্ট্রাইকরেট ৯৯.৪০। পাকানো গোঁফের মতোই চোখ ধাঁধানো ব্যাটিং দিল্লির তরুণ শিখর ধাওয়ানের। মাত্র একটি ইনিংসেই পঞ্চাশ পেরোতে পারেননি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। গত মার্চে মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি, ক্যারিয়ারের পুনর্জন্মই যেন হলো ২৭ বছর বয়সে এসে। এরপর এমনই খেলছেন যে টেন্ডুলকার, শেবাগ, গম্ভীররা যে ভারতীয় দলে নেই সেটা বোঝাই যাচ্ছে না। রোহিত শর্মার সঙ্গে তাঁর উদ্বোধনী জুটিটাও জমেছে বেশ, এরই মধ্যে দুবার শত রানের জুটি গড়া হয়ে গেছে। ভারতের শিখরে ওঠার অভিযানে তাই বড় ভরসার নাম শিখর ধাওয়ান। তবে ধাওয়ানের শিখরে ওঠার অভিযানে কাঁটা বিছাতে তৈরি ইংলিশ শিবিরও। সেই পরিকল্পনায় জেমস অ্যান্ডারসনের হাতেই থাকবে আসল উপাদান। সু্ইং বোলিংয়ের পসরা সাজিয়ে এখন পর্যন্ত ১০ উইকেট পেয়েছেন অ্যান্ডারসন। সংখ্যাটা ইংল্যান্ডের দ্বিতীয় সেরা বোলারের দ্বিগুণ। সেমিফাইনালে প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামকে আউট করে সেই যে ধাক্কাটা দিয়েছিলেন অ্যান্ডারসন, সেটা আর সামলে উঠতে পারেনি প্রোটিয়ারা। আজ আবার প্রথম ওভারেই আঘাত হানবেন এই ডানহাতি, নড়বড় করে দেবেন ভারতীয় ব্যাটিং ভিত্তি, গড়বেন ৫০ ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের প্রথম বৈশ্বিক শিরোপা জয়ের প্রথম সোপান, ইংলিশরা স্বপ্ন আঁকছে এমনই। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ইংলিশ বোলারকে নিয়ে এমন স্বপ্ন দেখতে দোষেরও কিছু নেই।