লড়াইটা তাঁদেরও
তাঁরা দুজনই ইউরোপের ‘পোস্টার বয়’। মৌসুমজুড়েই তাঁদের গোল উদ্যাপনের ছবি ছাপা হয়েছে পত্রিকার পাতায় পাতায়। ক্লাব ফুটবলের দুরন্ত ফর্মের কারণে ক্রিস্টিয়ানো রোনালদো ও রবিন ফন পার্সি—২০১২ ইউরোর শুরুতে দুজনকে নিয়েই ছিল উন্মাদনা। অথচ আজ তাঁরা একে অন্যের মুখোমুখি হচ্ছেন গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা মাথায় নিয়ে। যেকোনো একজনের বিদায়ঘণ্টা তো বাজবেই, এমনকি আজ রাতে দুজনেই একসঙ্গে হয়ে যেতে পারেন বাড়ি ফেরার যাত্রী! পর্তুগাল-হল্যান্ডের এই দুর্দশার বড় দায়টা তাঁদেরই। রিয়াল মাদ্রিদের হয়ে লিগে ৩৮ ম্যাচে করেছেন ৪৬ গোল, সব মিলিয়ে ৫৫ ম্যাচে ৬০ গোল। রোনালদোর এই ফর্মই তাঁকে নিয়ে দেশবাসীর স্বপ্নটা তোলে বড় করে। অধিনায়কত্বের আর্মব্যান্ড রোনালদোর হাতে। সবাই ভেবেছিল এবার একটা কিছু অবশ্যই করবেন। কিন্তু এবারও জাতীয় দলের হয়ে সেই পুরোনো রোনালদোই—ক্লাবের ফর্মটা টেনে আনতে ব্যর্থ!বড় টুর্নামেন্টে রোনালদোর নিষ্প্রভতার ইতিহাস অবশ্য পুরোনো। এ নিয়ে পাঁচটি বড় টুর্নামেন্টের ২১ ম্যাচে গোল করেছেন মাত্র ৫টি! ২০০৪ ইউরোতে পর্তুগালকে ফাইনালে নিতে দুটি, ২০০৬ বিশ্বকাপ, ২০০৮ ইউরো ও ২০১০ বিশ্বকাপে একটি করে গোল। এবার এখনো গোলই পাননি। ডেনমার্ক ম্যাচে আবার মিস করেছেন গোলের সহজ দুটি সুযোগ! সতীর্থরা অবশ্য তাঁদের অধিনায়ককে আড়াল করে রাখছেন। রোনালদো নিজেও বলছেন, ‘আমি যদি একটা গোলও না করি এবং পর্তুগাল জেতে, আমি সেটাই মেনে নিতে রাজি।’পার্সির ঘটনাও একই। লিগে সর্বোচ্চ ৩০, সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৩৭ গোল—আর্সেনালের হয়ে স্বপ্নের মৌসুম কাটিয়ে এসেছেন ইউরোতে। বরাবরের মতো তাঁর দলও ছিল ফেবারিট। কিন্তু প্রথম দুই ম্যাচে হেরে হল্যান্ড এখন বিদায়ের ঘণ্টা শুনছে। দলের এক নম্বর স্ট্রাইকার হিসেবে ব্যর্থতার বড় দায়টা নিতে হবে পার্সিকেই। জার্মানির বিপক্ষে একটা গোল করেছেন বটে; কিন্তু সামগ্রিকভাবে তিনি খলনায়কই।আজ নিশ্চয়ই খলনায়ক হয়ে বিদায় নিতে চাইবেন না রোনালদো-পার্সি। দেখা যাক মুখোমুখি লড়াইয়ে কে হাসেন আর কে কাঁদেন? নাকি চোখের জলে বুক ভাসবে দুজনেরই? ওয়েবসাইট।