লড়াইটা তাঁদেরও
পোশাকি নাম হয়তো পিএসজি-বার্সেলোনা লড়াই। তবে ভেতরে ভেতরে এটা আসলে মেসি-ইব্রাহিমোভিচেরই দ্বৈরথ। দুজনই নিজ নিজ দলের ‘প্রাণভোমরা’। এটা তো আছেই, পিএসজি-বার্সা ম্যাচটাকে আরও বেশি করে ‘মেসি-ইব্রার লড়াই’ বানিয়ে দিচ্ছে অতীত প্রেক্ষাপট।ছোটবেলা থেকেই জ্লাতান ইব্রাহিমোভিচ স্বপ্ন দেখতেন, একদিন খেলবেন বার্সেলোনায়। ২০০৯ সালে আজন্ম স্বপ্নটা পূরণও হয় তাঁর। ইন্টার থেকে যোগ দেন বার্সেলোনায়। কিন্তু স্বপ্ন-বাসরটি দ্রুতই বিষিয়ে ওঠে। পরের বছরই তাই বার্সা ছেড়ে যোগ দেন এসি মিলানে।এমনিতে কোচ গার্দিওলার সঙ্গে ঝামেলার কথা বলা হলেও মূল দ্বন্দ্বটা নাকি ছিল মেসির সঙ্গে। পরে ইব্রা নিজেই বলেছেন, মেসির কারণেই বার্সেলোনায় তিনি থাকতে পারেননি। সেই থেকে মেসি আর বার্সেলোনা তাঁর দুই চোখের বিষ! আজ যখন এই দুই শত্রুকেই সামনে পাচ্ছেন, ইব্রা তো দেখিয়ে দিতে চাইবেনই। ইব্রা অবশ্য গত মৌসুমেই বার্সা ও মেসির মুখোমুখি হয়েছিলেন। কিন্তু এই কোয়ার্টার ফাইনালেই বার্সার কাছে হেরে বিদায় নেয় তাঁর তখনকার দল এসি মিলান।এবার নিশ্চয়ই সুদসহ পাওনাটা চাইবেন ইব্রা। আর মেসিও নিশ্চয়ই দর্শক হয়ে ‘শত্রু’র দাপট দেখবেন না! পুরোনো এই শত্রুতার হিসাব-নিকাশ চুকানোর পাশাপাশি নিজ নিজ দলকে পার করার ব্যাপারটিও এখানে যুক্ত। গোলের পর গোল করে মেসি যেমন বার্সেলোনাকে টেনে নিয়ে যাচ্ছেন, তেমনি পিএসজিও ইব্রার কাঁধেই সওয়ার। আজও এঁদের দিকেই তাকিয়ে থাকবে দল।তা গোল তাঁরা করতেও জানেন। মেসি ইতিমধ্যেই লিগের ২৯ ম্যাচে করেছেন ৪৩ গোল। চ্যাম্পিয়নস লিগের ৮ ম্যাচে ৭ গোল। সেখানে ২৭ ম্যাচে ২৫ গোল নিয়ে ইব্রা হয়তো একটু পিছিয়ে। তবে পিএসজি যে ১৮ বছর পর লিগ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর, তার মূলে এই ইব্রাই। আজও তাঁর কাঁধেই দলের প্রত্যাশার ভার। অথচ আজকের ম্যাচে ইব্রার খেলারই কথা ছিল না। শেষ ষোলোর প্রথম লেগে লাল কার্ড পেয়েছিলেন। কিন্তু উয়েফা দুই ম্যাচের শাস্তিটা এক ম্যাচ কমিয়ে দেওয়াতেই তৈরি হয়েছে মেসি-ইব্রার লড়াইয়ের মঞ্চ। ওয়েবসাইট।