লড়াইটা তিন ঘোড়ারই
প্রায় ৬৩ বছরের অতৃপ্তির দীর্ঘশ্বাসে ভারী হয়ে ছিল ভিসেন্তে ক্যালদেরন। নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ট্রফির পসরা সাজিয়েছে এই সময়ে, তা দেখে শুধুই দীর্ঘশ্বাস ঝরেছে অ্যাটলেটিকো মাদ্রিদের। ধারেভারে রিয়ালের পাশে অ্যাটলেটিকো দাঁড়াতে পেরেছে কমই। কিন্তু এই মৌসুমে লিগে রিয়ালকে দুবার হারানোর সুযোগ এসেছিল অ্যাটলেটিকোর সামনে। ১৯৫০ সালের পর প্রথমবার ঘরে-বাইরের দুই ম্যাচই জেতার সেই সুযোগ কাজে লাগাতে পারেনি অ্যাটলেটিকো।
তবে একটা তৃপ্তি অবশ্যই পেয়েছে ডিয়েগো সিমিওনের দল। এবারের লা লিগায় দুবারের দেখায় একবারও তারা রিয়ালের কাছে হারেনি। পরশু নিজেদের মাঠে লিগের ফিরতি ম্যাচে রিয়ালে সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো, প্রথম পর্বে রিয়ালের মাঠেই তারা জিতেছিল ১-০ গোলে। পরশুর ড্র ম্যাচ লিগ শিরোপা লড়াইয়ে উত্তেজনা ধরে রাখল ষোলো আনাই।
এই ম্যাচ জিতলে অ্যাটলেটিকোর চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে যেত শীর্ষে থাকা রিয়াল, বার্সার চেয়ে ৩ পয়েন্ট। কদিন আগেই কোপা ডেল রের দুই লেগেই অ্যাটলেটিকোকে হারানো রিয়াল সেই সুযোগটা নিতে পারল কই? চ্যাম্পিয়নস লিগে শালকেকে উড়িয়ে দিয়ে দারুণ ফর্মে থাকা রিয়াল কী ভ্রমণক্লান্তিতে ভুগল?
ম্যাচ দেখে মনে হয়েছে, অ্যাটলেটিকোর আগ্রাসী ও শারীরিক ফুটবলের জবাব দিতে ঘাম ছুটে গেছে রোনালদোদের। ক্লান্তির কারণে এটা হতে পারে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে স্বীকারই করেছেন, ‘অ্যাটলেটিকো খুবই আগ্রাসী খেলেছে। ধরনটা ঠিক আমাদের সঙ্গে যায় না।’ তবে ড্রতেই খুশি তিনি, ‘ড্রটাকে আমি লুফে নিচ্ছি। কঠিন একটা ম্যাচ ছিল এটা।’
কস্তা, মিরান্ডা, তুরানরা রিয়ালকে এতটুকু জায়গা ছেড়ে দেননি মাঠে। ডিয়েগো কস্তা নিজেকে খানিকটা দুর্ভাগা ভাবতে পারেন। দুবার তাঁর পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। বিরতির সময় অ্যাটলেটিকো এগিয়ে ছিল ২-১ গোলে। বেনজেমার গোলে পিছিয়ে পড়ার পর কোকে ও গাবি এগিয়ে দেন স্বাগতিকদের। কিন্তু ডার্বি ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো কিছু করবেন না সেটি কি হয়? ম্যাচ শেষের আট মিনিট আগে গোল করে দলকে এনে দিয়েছেন মহামূল্যবান পয়েন্ট। পরশু আলমেরিয়াকে ৪-১ গোলে হারিয়ে বার্সা আরও কাছে চলে এসেছে রিয়ালের।
আলমেরিয়ার বিপক্ষে বার্সাকে জয় নিয়ে ভাবতে হয়নি। অ্যালেক্সিস সানচেজের গোলে শুরু, দুর্দান্ত এক ফ্রি-কিকে ব্যবধান বাড়ান লিওনেল মেসি। ত্রুজিয়ো গোল করে খানিকটা আশার আলো দেখিয়েছিলেন আলমেরিয়াকে। কিন্তু কার্লোস পুয়োল ও জাভির গোলে বার্সা পেয়েছে বড় জয়। রিয়ালের সঙ্গে বার্সার ব্যবধান এখন মাত্র ১ পয়েন্ট। ১২ ম্যাচ বাকি লিগে, কে জানে এল ক্লাসিকোই হয়তো লিখে দেবে শিরোপাজয়ীর নাম!
তবে অ্যাটলেটিকোকেও রাখতে হচ্ছে হিসাবের খাতায়। সিমিওনে তাঁর দলকে শিরোপা লড়াইয়ে ভালোমতোই দেখতে পাচ্ছেন। লা লিগা তাই এখন তিন ‘ঘোড়ার’ লড়াই-ই! এএফপি।