লড়াইটা দুই ক্ষুরধার মস্তিষ্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিসেন্তে দেল বস্ক, লুই ফন গাল
ভিসেন্তে দেল বস্ক, লুই ফন গাল

‘ফ্রেন্ডস অব দ্য প্রেস, আই অ্যাম লিভিং৷ কনগ্রাচুলেশনস!’ স্পেনের ফুটবল সাংবাদিকদের কাছে লাইনটি কিংবদন্তি হয়ে আছে৷ ২০০০ সালের ২০ মে, বার্সেলোনার কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর সংবাদকর্মীদের বলেছিলেন লুই ফন গাল৷ ইতিহাসটা জানা না থাকলে কারও বোঝার কথা নয়, ওই ‘বন্ধুরা’ আর ‘অভিনন্দন’ শব্দবন্ধে কতটা ক্ষোভ আর অভিমান লুকিয়ে!
বার্সেলোনায় সেবার তিন বছরের মেয়াদে ক্লাবকে টানা দুটি লা লিগা জিতিয়েছিলেন ফন গাল, একবার করে কোপা ডেল রে ও উয়েফা সুপার কাপ৷ কিন্তু এসবের চেয়ে বেশি আলোচনায় ছিলেন ফুটবলারদের সঙ্গে নানা খিটমিট বাধিয়ে৷ পজিশন বদলে দেওয়া নিয়ে রিভালদোর সঙ্গে সম্পর্ক তো ছিল বিস্ফোরক৷ সংবাদমাধ্যমেও এসব উঠেও আসত নিয়মিত৷ সব মিলিয়ে পুরো সময়েই সংবাদমাধ্যমের সঙ্গে ফন গালের সম্পর্ক ছিল সাপে-নেউলে৷ ডাচ কোচের বিশ্বাস ছিল, বার্সার বরখাস্তের সিদ্ধান্তেও বড় ভূমিকা ছিল সংবাদমাধ্যমের৷ এ জন্যই ‘প্রিয়’ বন্ধুদের ওই শ্লেষাত্মক অভিনন্দন!
ফন গালের কোচিংয়ে বার্সা ছেড়ে যখন হল্যান্ডে ফিরলেন ফন গাল, ভিসেন্তে দেল বস্ক তখন জাঁকিয়ে বসছেন রিয়াল মাদ্রিদে৷ এই শতাব্দীতে রিয়ালের সেরা সময়টার শুরুও তখন দেল বস্কের হাত ধরে৷ সাড়ে তিন বছরের দায়িত্বে ক্লাবকে এনে দিলেন দুটি লা লিগা, দুটি চ্যাম্পিয়নস লিগ, একটি করে স্প্যানিশ সুপার কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ ও উয়েফা সুপার কাপ৷ কিন্তু এমন সফল মেয়াদটাও শেষ হলো তিক্ততায়৷ রিয়ালকে ২৯তম লিগ শিরোপা জেতানোর পরদিনই বরখাস্ত হলেন দেল বস্ক, কারণ চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতা! অভিমানী দেল বস্ক টেকনিক্যাল ডিরেক্টরের পদ নেননি৷
লা লিগা তাই দুজনকেই গেঁথেছে যেন একই সুতোয়৷ সাফল্যের ঝুড়ি সমৃদ্ধ, কিন্তু শেষটা সব সাফল্যকেই তেতো বানিয়ে দিয়েছে৷ তবে আজ সালভাদরে যখন মুখোমুখি হচ্ছেন দেল বস্ক আর ফন গাল, ম্যাচের আগে দুজনই হয়তো ফিরে যাবেন ১৪ বছর আগে৷ রিয়াল-বার্সায় অম্ল-মধুর অভিযানে একবারই মুখোমুিখ হয়েছিলেন দুজন৷ ২৬ ফেব্রুয়ারি ২০০০, রবার্তো কার্লোস, নিকোলাস আনেলকা ও ফার্নান্দো মরিয়েন্তেসের গোলে এল ক্লাসিকোয় বার্সাকে উড়িয়ে দিয়েছিল রিয়াল৷ আজকের আগে তাই দুজনের মুখোমুখি লড়াইয়ের ফল দেল বস্ক ১-০ ফন গাল!
ওই স্মৃতি জাগানো ছাড়া আজকের ম্যাচে ওই ম্যাচের কোনো ভূমিকা নেই৷ বরং আজকের পরীক্ষা দুই সফল ও অভিজ্ঞ কোচের ক্ষুরধার মস্তিষ্কের৷ লড়াইটা ট্যাকটিকসের৷ বরাবরই টোটাল ফুটবলের অনুসারী ফন গাল আগেই জানিয়েই দিয়েছেন, স্পেনকে থামাতে ৫-৩-২ ছকে খেলবে হল্যান্ড৷ দেল বস্কও আবার জানিয়ে রেখেছেন, এই ফর্মেশনের জবাব তাঁর জানা আছে৷
গত বিশ্বকাপ ফাইনালের পুনর্মঞ্চায়ন এবার দ্বিতীয় দিনেই৷ এটাও যদি যথেষ্ট না হয়, আগুনে এক ম্যাচের প্রেক্ষাপট তৈরি দুই কোচের সৌজন্যেও৷ দুই কুশলী কোচের কৌশলের দারুণ এক পরীক্ষা৷ ফন গালের সাজানো ডাচ দেয়ালে মুখথুবড়ে পড়বে টিকি-টাকা, নাকি ফন গালের দেয়ালে চিড় ধরাবে দেল বস্কের ভিন্ন কোনো কৌশল!