লড়াইটা ভারত-পাকিস্তানেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার এইটের প্রথম গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। আর অপর গ্রুপ থেকে পাকিস্তানের কাছে ৩২ রানে হারের স্বাদ পেলেও সেমিফাইনালটা নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। আজ সুপার এইটের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ভারত মুখোমুখি হলেও লড়াইটা মূলত ভারত-পাকিস্তানেরই। কারণ গত দুইটি ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। আজকের ম্যাচটার পর নির্ধারিত হবে ভারত-পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য।পাকিস্তানের বিপক্ষে ১৫০ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামলেও অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ১১২ রান। হার নিশ্চিত জানলেও স্কোর-বোর্ডে ১১২ রান জমা হওয়া মাত্রই সেমিফাইনালে যাওয়ার উল্লাসে মেতে উঠেছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। আর অসিদের বিপক্ষে ৩২ রানের জয় দিয়ে সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা টিকিয়ে রেখেছে পাকিস্তান। এখন সুপার এইটের শেষ ম্যাচে ভারত যদি দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়, তাহলে শেষ চারের টিকিট পেয়ে যাবে পাকিস্তান। আর সেমিফাইনালে যেতে হলে ভারতকে জিততেই হবে। দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে অন্তত ৩২ রানের ব্যবধানে।