ম্যাচের সময় তাঁদের দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা স্পষ্ট বোঝা গেছে। জেমস মগা আর মিঠুন চৌধুরীর কেউ কাউকে উদার হয়ে বল দিয়েছেন কমই। এর কারণও আছে। এবারের বাংলাদেশ লিগের ১৪তম রাউন্ডে এসে দেখা যাচ্ছে, সুদানি স্ট্রাইকারের সঙ্গে বাংলাদেশি স্ট্রাইকার সমানে এগিয়ে চলেছেন সেরা গোলদাতা হওয়ার লড়াইয়ে। এটা মুক্তিযোদ্ধার জন্যও খুব ভালো। শেখ জামালে খেলা এমিলি-এনামুল মিলে যেখানে গোল করেছেন এ পর্যন্ত সাকল্যে চারটি, মুক্তিযোদ্ধার মগা-মিঠুনেরই গোল ২৬টি! সমান ১৩টি করে।মিঠুন-মগা দুজনই কাল তাঁদের ১৩তম গোলটা পেয়েছেন। এই দুজনের দুই গোলের সঙ্গে রুশ মিডফিল্ডার বরিসের এক গোল আরামবাগের বিপক্ষে মুক্তিযোদ্ধাকে এনে দিল বড় জয়। ১৪ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে মুক্তিযোদ্ধার পয়েন্ট ৩৫। যথারীতি শীর্ষস্থানটা ধরে রাখা মুক্তিযোদ্ধার পেছনে আছে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট পাওয়া আবাহনী, এরপর ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শেখ জামাল। এখনো মুক্তিযোদ্ধার আটটি ম্যাচ বাকি। তবে ১৪তম রাউন্ডে জয় পাওয়ায় তাদের প্রতিদ্বন্দ্বী আবাহনী-শেখ জামালের ওপর চাপটা বাড়ল। এই রাউন্ডে এ দুই দল হোঁচট খেলে মুক্তিযোদ্ধা এগিয়ে যাবে আরেকটু।তবে গত তিনটি লিগই ঘরে তোলা আবাহনী বা এবার বড় বাজেটের তারকাবহুল দল শেখ জামালকে পেছনে ফেলা সহজ ব্যাপার নয়। সেটিই বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের পর বলে গেলেন মুক্তিযোদ্ধা কোচ মারুফুল হক, ‘এখনো আটটা ম্যাচ বাকি থাকায় অনেক কিছুই হতে পারে। শেখ জামাল, আবাহনী প্রবলভাবে লিগ লড়াইয়ে আছে। সামনের প্রতিটি ম্যাচই আমাদের জন্য বড় ম্যাচ।’মুক্তিযোদ্ধার জন্য সবচেয়ে ভালো দিক, এবার দলটি ভাগ্যের ছোঁয়া ভালোই পাচ্ছে। ড্র করতে করতে অনেক ম্যাচ জিতে গেছে। কাল অবশ্য সে রকম অবস্থায় পড়তে হয়নি। ১৪ মিনিটে মিঠুন, ৪৭ মিনিটে বরিস এবং ৫০ মিনিটে মগা গোল করে জয়টা নিশ্চিত করে ফেলেন। আরামবাগ গোল করার অনেক সুযোগ হেলায় হারিয়েছে। কখনো মুক্তিযোদ্ধার গোলরক্ষক বিপ্লব বাঁচিয়েছেন দলকে। সবদিক থেকেই মুক্তিযোদ্ধার ভালো সময় যাচ্ছে।বুকোলার জীবনে অমাবস্যা: মুক্তিযোদ্ধা-শিবিরে যখন শিরোপার ছবি আঁকা হচ্ছে, তখন তাদের নাইজেরিয়ান স্ট্রাইকার বুকোলা ওলালেকানের জীবনে অন্ধকার। ফুসফুসে পানি জমেছে। তাই অসুস্থ শরীর নিয়ে দেশে ফিরে যাচ্ছেন তিন সপ্তাহের ছুটি নিয়ে। সম্ভবত এ মৌসুমে আর বাংলাদেশের ফুটবলে দেখা যাবে না মোহামেডানের হয়ে তিন বছর আগে দুর্দান্ত শুরু করা বুকোলাকে। তবে মিঠুন-মগার সমন্বয়ে যেহেতু গোল আসছে, বুকোলাকে হারানোয় অত চিন্তার কিছু দেখছে না বদলে যাওয়া মুক্তিযোদ্ধা।