লড়াইটা মেসি-নেইমারেরই!

মেসি-রোনালদো-নেইমার। সময়ের সেরা তিন ফুটবলার। বিশ্বকাপ শুরুর আগে এই ‘ত্রয়ী’র মধ্যে অন্য রকম একটা লড়াই দেখার জন্য উন্মুখ ছিলেন সবাই। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো এরই মধ্যে যেন সেই লড়াই থেকে ঝরে পড়েছেন। গতকাল ঘানার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটাতে বিশেষ কিছু করে থাকলে অন্য কথা। তবে প্রথম দুই ম্যাচে আনফিট রোনালদো ছিলেন নিষ্প্রভ এক ছবি। দুই ম্যাচে একটাও গোল পাননি, তাঁর দল পর্তুগালও গ্রুপপর্ব থেকেই দাঁড়িয়েছিল বিদায়ের দ্বারপ্রান্তে। রোনালদোর এই মালিন্যের সুযোগে ত্রিমুখী লড়াইটাকে দ্বিমুখী করে ফেলেছেন মেসি-নেইমার। দুই বার্সেলোনা সতীর্থের মধ্যে চলছে জমজমাট লড়াই।
সোনার জুতা পাওয়ার দৌড়ে এখন পর্যন্ত তাঁরা দুজনেই এগিয়ে। দুজনেরই সমান চারটি করে গোল। তার চেয়েও বড় কথা, দলের কান্ডারির ভূমিকায় নেমে দুজনেই ইঙ্গিত দিচ্ছেন, একক প্রচেষ্টায় দেশকে বিশ্বকাপ এনে দিতেই পারেন। পায়ের মোহনীয় জাদুতে বিশ্বকাপকে নিজের করে নেওয়ার ঘটনা বিশ্বকাপ অনেকবারই দেখেছে। যার সবচেয়ে বড় বিজ্ঞাপন ১৯৮৬ বিশ্বকাপের ডিয়েগো ম্যারাডোনা। সেবার মেক্সিকোতে সাধারণ একটা দল নিয়েও ম্যারাডোনা আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন দ্বিতীয় বিশ্বকাপ। শিরোপা না জিতেও ১৯৬৬ বিশ্বকাপের আলো কেড়ে নিয়েছিলেন ইউসেবিও, ১৯৭৪ বিশ্বকাপে ইয়োহান ক্রুইফ, ১৯৯৪ বিশ্বকাপে রবার্তো বাজ্জো। জিনেদিন জিদান বিশ্বকাপকে নিজের রঙে রাঙিয়েছেন দুবার—১৯৯৮ ও ২০০৬ বিশ্বকাপে। মেসি-নেইমারও এগিয়ে চলছেন সেদিকেই।
গ্রুপপর্বের তিন ম্যাচে ব্রাজিল মোট গোল করেছে ৭টি। এর ৪টিই নেইমারের। গোলটা প্রতীকী মাত্র। ২০ কোটি মানুষের প্রত্যাশার বোঝাটা যেন নিজের কাঁধেই তুলেছেন ২২ বছর বয়সী। অধিনায়কের আর্মব্যান্ড না থাকলেও নেইমারই ব্রাজিলের সত্যিকারের নেতা। গোলের পাশাপাশি দলের খেলাটা তৈরিও করছেন। তিন ম্যাচ খেলে দুই ম্যাচেই ম্যাচসেরা হওয়াটা মাঠে নেইমারের ফুল হয়ে ফোটার সাক্ষ্যই দিচ্ছে।
আর্জেন্টিনা যেন আরও বেশি মেসিময়। তিন ম্যাচে আর্জেন্টিনা গোল পেয়েছে ৬টি। ৪টিই মেসির, একটি আত্মঘাতী। বসনিয়া ও ইরানের সঙ্গে হয়তো ঠিক মেসিস্বরূপ মনে হয়নি। তবে দুর্দান্ত দুটি মুভমেন্টে দুই ম্যাচেই পার্থক্য গড়ে দিয়েছেন তিনিই। দুই ম্যাচেই আর্জেন্টিনা জিতেছে তাঁর অসাধারণ দুটো

গোলে। সব জড়তা ঝেড়ে ফেলে নাইজেরিয়ার সঙ্গে গ্রুপের শেষ ম্যাচে দেখা দেন আসল মেসি। দুই গোল করে দলকে শুধু জয়ই এনে দেননি, যতক্ষণ মাঠে ছিলেন, ছড়িয়েছেন সৌরভ। তিন ম্যাচেই ম্যাচসেরা মেসিকে মেসিরূপে দেখে আর্জেন্টাইনদের শিরোপা-স্বপ্ন ঔজ্জ্বল্য পেয়েছে আরও।
বাকি পথটাও এভাবেই হেঁটে দুজনেই হয়তো বিশ্বকাপটাকে নিজের করে নিতে চাইবেন। কিন্তু শেষ পর্যন্ত জিতবেন কে? দুজনের পক্ষেই তো ট্রফি উঁচিয়ে ধরা সম্ভব নয়। তবে ড্র খোলা রেখেছে দুই দলেরই ফাইনালে ওঠার দরজা। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ড্র দুই চিরশত্রু ব্রাজিল-আর্জেন্টিনাকে দুই অর্ধে রেখেছে। আর সেটা দেখে নেইমার তো সেই কবেই ক্লাব সতীর্থকে বলে রেখেছেন, ‘আশা করি, ফাইনালে তোমার বিপক্ষে খেলব এবং শেষ পর্যন্ত আমরা জিতব।’ মেসিও বলেছেন, ‘সময় হলেই বুঝিয়ে দেব, কে জিতবে!’