লড়াইটা যেখানে তিন সেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিলেন না আসাফা পাওয়েল, জাস্টিন গ্যাটলিন। উসাইন বোল্ট পেয়েছিলেন ফাঁকা ময়দান। কিন্তু বিশ্বের দ্রুততম মানব অনন্ত চাপের কাছে ভেঙে পড়ে ডিসকোয়ালিফায়েড হলেন ১০০ মিটারে। স্তম্ভিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই বোল্ট-ট্রাজেডি ১০০ মিটারের চিরায়ত আকর্ষণকে দিল অন্য মাত্রা। তবে প্রতিদ্বন্দ্বী তালিকার বিচারে দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপের সবচেয়ে উত্তেজনাকর আর আকর্ষণীয় লড়াইটা বুঝি হতে যাচ্ছে পুরুষদের ১১০ মিটার হার্ডলসে। সর্বকালের দ্রুততম তিন তারকা যখন মুখোমুখি হন, লড়াইটা না জমে পারে!বিশ্ব রেকর্ডের মালিক এবং অলিম্পিক চ্যাম্পিয়ন কিউবার ডেরন রোবলেস, সাবেক বিশ্ব রেকর্ডধারী চীনের লিউ শিয়াং এবং বর্তমান সেরা যুক্তরাষ্ট্রের ডেভিড অলিভার—এই প্রথমবারের মতো এক মঞ্চে নামছেন দ্রুততম তিন হার্ডলার। গতকাল হিটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বারবাডোজের রায়ান ব্রাফেট বাদ পড়ার পরও তাই আকর্ষণে এতটুকু টান পড়েনি। রোবলেস, লিউ শিয়াং এবং অলিভাররা প্রত্যাশামতোই কাল বাছাই পেরিয়ে পা রেখেছেন সেমিফাইনালে। সেমিফাইনাল এবং ফাইনাল দুটো পর্বই হবে আজ রাতে।২০০৮ বেইজিং অলিম্পিক চীনকে দিয়েছিল দুহাত ভরে। তবুও চীনারা পুড়েছিল আফসোসে, দেশসেরা তারকা লিউ শিয়াংকে ট্র্যাকে না পাওয়া। চোটের কারণে হিটে বাদ পড়ে নিজ মাটির অলিম্পিক থেকে ছিটকে পড়েন লিউ শিয়াং। চীনাদের চোখ ভেসে যায় অশ্রুতে। ওই চোটই বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে ফেলে ২০০৭ ওসাকা বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী লিউকে। তিন বছর চোটের সঙ্গে লড়াই করা লিউ হারানো রাজ্য ফিরে পাওয়ার আশায় এসেছেন দেগুতে।লিউ ২০০৬ সালে লুসানা গ্রাঁ প্রিঁতে গড়েন ১২.৮৮ সেকেন্ডের বিশ্ব্ব রেকর্ড। দুই বছর পর গোল্ডেন স্পাইক ওস্ত্রাভা মিটে কিউবার রোবলেস ভেঙে দেন ওই রেকর্ড (১২.৮৭ সেকেন্ড)। যুক্তরাষ্ট্রের ২৯ বছর বয়সী অলিভার এখনো অলিম্পিক কিংবা বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিততে পারেননি, তবে তাঁর ক্যারিয়ার-সেরা সময় ১২.৮৯ সেকেন্ড। তার চেয়েও বড় কথা, বর্তমানে রয়েছেন দুর্দান্ত ফর্মে। দেগুতে এসেছেন টানা ১৮টি ফাইনাল জিতে!অবশ্য তাঁদের কেউ নন, হিটে সেরা (১৩.১৯ সেকেন্ড) সময় করেছেন যুক্তরাষ্ট্রেরই জেসন রিচার্ডসন। নিজের হিটে লিউ দ্বিতীয় হয়েছেন ১৩.২০ সেকেন্ড সময় করে, অলিভারের সময় ১৩.২৭ সেকেন্ড। রোবলেসের আরও বেশি ১৩.৪৩ সেকেন্ড। তবে বাছাইপর্বের সময় নিয়ে কার এত মাথাব্যথা! রোবলেস, লিউ, অলিভার—তিনজনের কণ্ঠেই যেমন একই সুর, ‘সব ঠিক আছে, কোনো সমস্যা নেই।’ এএফপি।