লড়াইটা শুধু আমার আর মেসির মধ্যে নয়: রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সাল থেকে ফিফা বর্ষসেরা ফুটবলারের তালিকায় এক থেকে তিনের মধ্যে নিজেদের স্থান বদল করে চলেছেন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৭ সালে মেসি হয়েছিলেন দ্বিতীয়, রোনালদো তৃতীয়। পরের বছর শীর্ষস্থানটা নিজের দখলে নেন রোনালদো। দ্বিতীয় স্থানে মেসি। পরের বছর এবার রোনালদোকে টপকে শীর্ষে চলে আসেন মেসি। যথারীতি দ্বিতীয় স্থানে রোনালদো। এবারের মৌসুমেও অসাধারণ পারফরমেন্স দেখিয়ে মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের বিতর্কটা বেশ ভালোই জমিয়ে তুলেছেন এই দুই তারকা।মুখোমুখি লড়াইয়ে সময়ের সেরা দুই তারকার শ্রেষ্ঠত্ব বিচারের সুযোগ অনেক সময়ই পাওয়া যায় না। মেসি-রোনালদোকেও মুখোমুখি কবে দেখা যাবে, তা নিয়েও হয়তো অনিশ্চয়তার মধ্যে থাকতে হতো ফুটবলপ্রেমীদের। কিন্তু ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে আসার পর সেই দ্বৈরথ প্রত্যক্ষ করার একটা নিশ্চিত সুযোগ করে দিয়েছেন রোনালদো। বছরে দুবার স্প্যানিশ লিগে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ধ্রুপদী লড়াইয়ে মেসি-রোনালদোর মুখোমুখি লড়াই দেখার অন্তত সুযোগ এসেছে ক্রীড়ামোদীদের সামনে। আজকেও স্প্যানিশ লিগের ঐতিহ্যবাহী এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা মুখোমুখি হওয়ার আগেও সবার মুখে ঘুরেফিরে সেই মেসি-রোনালদোর কথা এসেই যাচ্ছে। কখনো কখনো বার্সা-রিয়ালকে ছাপিয়ে বড় হয়ে উঠছে মেসি-রোনালদোর দ্বৈরথ। তবে যে যতই বলুক, বার্সা-রিয়ালের লড়াইটাকেও তাঁর আর মেসির লড়াই হিসেবে দেখতে নারাজ এ পর্তুগিজ উইঙ্গার। তিনি বলেছেন, ‘এটাকে মেসি আর আমার দ্বন্দ্বযুদ্ধ হিসেবে দেখাটা খুবই বোকামি হবে। এটা স্পেনের দুটি সেরা ক্লাবের লড়াই। আমার মতো মেসিও দলকে জেতানোর জন্যই সর্বোচ্চ চেষ্টা করবে।’এর আগের চারটি এল ক্লাসিকোকে হেরে গেলেও এবার মরিনহোর অধীনে রিয়াল মাদ্রিদ অনেক আত্মবিশ্বাসী বলে মন্তব্য করেছেন রোনালদো। আর এখন পর্যন্ত অপরাজিত রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার বিপক্ষেও জয় পাবে বলে আশাবাদী তিনি। তবে রোনালদো এটাকে তাঁর আর মেসির লড়াই হিসেবে না দেখলেও সাফল্যের জন্য তাদের পায়ের দিকেই তাকিয়ে থাকবে দুই দলের সমর্থকেরা। ফিফা ডট কম।