লড়াইটা শেষ পর্যন্ত স্নায়ুর
কোনো ম্যাচের চেয়েও কম আগ্রহ ছিল না অস্ট্রেলিয়ার কালকের অনুশীলন সেশন নিয়ে। আঙুলের চিড় ধরা পড়ার পর প্রথম ব্যাট হাতে নেবেন রিকি পন্টিং, অস্ট্রেলিয়ান মিডিয়া এটাকে বলছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেট সেশন। তাতে ভালোভাবেই উতরে গেলেন অস্ট্রেলীয় অধিনায়ক। প্রথমে ইনডোরে বোলিং মেশিনে, এরপর নেটে—সব মিলিয়ে ঘণ্টা খানেক ব্যাটিং করলেন বড় অস্বস্তি ছাড়াই। কাল বক্সিং ডেতে অ্যান্ড্রু স্ট্রাউসের সঙ্গে পন্টিংয়ের টস করতে নামা তাই অনেকটাই নিশ্চিত।তার পরও যদি কারও কোনো সংশয় থাকে, সেটা মাইকেল ক্লার্কের কথায় মুছে যায়, ‘নেটে ব্যাটিং করার পর সে বলেছে, তেমন কোনো সমস্যা হয়নি। আমরা তাই আশাবাদী ও আত্মবিশ্বাসী। যতক্ষণ পর্যন্ত না তারা ওর আঙুল কেটে ফেলছে, পান্টারকে দলের বাইরে রাখা কঠিন।’ পার্থে ২৬৭ রানে জয়ের পর অধিনায়ককে এমসিজিতে পাওয়া না-পাওয়া নিয়ে সংশয়ের অবসানে অস্ট্রেলীয়দের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। মেলবোর্নে অস্ট্রেলিয়ার পক্ষে থাকছে আরও দুটি বিষয়। একটি এই মাঠের সাম্প্রতিক ইতিহাস, সর্বশেষ ১১ ম্যাচের ১০টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। আরেকটি দর্শক। বক্সিং ডে টেস্টে মেলবোর্নের গ্যালারি সব সময়ই টইটম্বুর থাকে। তবে ধারণা করা হচ্ছে এবার হবে নতুন রেকর্ড। ১৯৬১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে একদিনে ৮৯৮০০ দর্শক হয়েছিল। এবার প্রথম দিনই ৯১ হাজার দর্শক আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।বড় পরাজয়ের ধাক্কা সামলানো, সঙ্গে এই বিপুল দর্শকের গর্জন—মেলবোর্নে ইংলিশদের মানসিক শক্তির বড় একটা পরীক্ষা হবে বলেই ধারণা বোদ্ধাদের। তবে অস্ট্রেলিয়ার মতো কালকের নেট সেশনটা সুখবর দিয়েছে ইংল্যান্ডকেও। সাইড স্ট্রেইনের চোট কাটিয়ে কাল নেটে পূর্ণ উদ্যমে বোলিং করেছেন মূল স্ট্রাইক বোলার জেমস অ্যান্ডারসন। পার্থের হতাশ করা স্টিভেন ফিনও ছিলেন দারুণ চনমনে। ইংল্যান্ডের একাদশে তাই পরিবর্তনের সম্ভাবনা কম। যতই সময় গড়াবে, মেলবোর্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রিভার্স সুইং। এ জন্য ফিনের জায়গায় আজমল শেহজাদকে খেলানোর গুঞ্জন শোনা গেলেও এখন পর্যন্ত সিরিজে সর্বোচ্চ ১৪ উইকেটশিকারি ফিনের ওপরই আস্থা রাখতে চান স্ট্রাউস। ইংলিশদের জন্য আরেকটা সুখবর দিয়েছেন মেলবোর্নের কিউরেটর ক্যামেরন হজকিন্স, পার্থের গতিময় উইকেটের ধারেকাছে থাকবে না মেলবোর্নের উইকেট। শুরুতে পেসাররা সাহায্য পাবেন, কিন্তু আস্তে আস্তে এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ব্যাটিং, রিভার্স সুইং আর স্পিন। এটাই এখনো একাদশ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রেখেছে অস্ট্রেলিয়াকে। পন্টিং চার পেসারের সঙ্গে স্মিথ-ক্লার্কের স্পিনের ওপর ভরসা রাখতে চান। কিন্তু মেলবোর্নের কিউরেটর সোজা বলে দিয়েছেন, স্পেশালিস্ট স্পিনার ছাড়া নামা মানে নিজেদের বিপদ ডেকে আনা। মাইকেল বিয়ারের অভিষেক সম্ভাবনাও তাই কম নয়। সে ক্ষেত্রে সমস্যা আরেকটি, বাইরে থাকবেন কে, সিডল না হিলফেনহস?তবে আর সবকিছু ছাপিয়ে লড়াই শেষ পর্যন্ত হতে পারে স্নায়ুর। শক্তির বিচারে দুই দলই এক কাতারে। ৯১ হাজার দর্শক, মাঠে কথার লড়াই, সিরিজে ১-১ সমতা, অ্যাশেজ ফিরিয়ে আনা আর ধরে রাখার লড়াই—সব মিলিয়ে চাপকে জয় করতে পারবে যারা, জয় হয়তো তাদেরই হবে। ওয়েবসাইট।