লড়াইটা সেই রিয়াল-বার্সায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম তিন ম্যাচ শেষে বার্সেলোনা ছিল ছয় নম্বরে, রিয়াল মাদ্রিদ ছিল তিনে। গত মৌসুমেও শুরুতে এক নম্বরে ছিল না এ দুটি দলের কেউই। তবে কিছুদূর যেতে না-যেতেই বরাবরের মতোই লিগটা হয়ে উঠছে শুধুই রিয়াল আর বার্সেলোনার লড়াই।পরশু লিওনেল মেসির জোড়া গোলে রিয়াল জারাগোজাকে হারিয়েছে বার্সেলোনা। আর ক্রিস্টিয়ানো রোনালদোর চার গোলে রেসিং সান্তান্দারকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট তালিকার প্রথম দুটি স্থানও এখন এদের। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা।গোল-খরা—মৌসুমের শুরুতে রিয়ালের নতুন কোচ হোসে মরিনহো আর খেলোয়াড়দের কান ঝালাপালা হয়েছে এই শব্দযুগলে। স্প্যানিশ লিগের প্রথম ৫ ম্যাচে মাত্র ৬ গোল করতে পেরেছিল রোনালদো-হিগুয়েইন-ডি মারিয়া-বেনজেমা সমন্বিত রিয়ালের আক্রমণভাগ। সমালোচনা তাই অমূলক ছিল না। একেকটা ম্যাচ যেত, আর সমালোচনার ঝড় উঠত। মরিনহো ঠান্ডা মাথায় শুধু একটা কথাই বলতেন—রিয়ালের প্রতিপক্ষরা শিগগিরই টের পাবে গোল-বন্যা কাকে বলে!মরিনহোর কথা ফলতে শুরু করেছে। তাঁর তারকারাজি যেন গোলের জোয়ার বইয়ে দিচ্ছে এখন। লিগে সর্বশেষ ৩ ম্যাচে ১৬ গোল পেল রিয়াল। এর মধ্যে সবচেয়ে বড় অবদান নিশ্চয়ই বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় রোনালদোর। পরশু রেসিংকে রিয়াল যে নিজেদের মাঠে ছয় গোলে ডুবিয়ে দিল তা তো রোনালদোর চার গোলের সৌজন্যেই। একটি পেনাল্টি গোলসহ দুই অর্ধেই দুটি করে গোল করেছেন পর্তুগিজ উইঙ্গার। তবে প্রতিপক্ষকে একদমই মাথা তুলে দাঁড়াতে না দেওয়া এক ম্যাচে গোল-বন্যার শুরুটা করে দিয়েছিলেন দলের আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। ১০ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন তিনি। রোনালদো তাঁর গোল চারটি করেন এর পর (১৫, ২৭, ৪৭ ও ৫৫ মিনিটে)। রিয়ালের শেষ গোলটি জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের। গোল করেননি, তবে রিয়ালের জয়ে পরশু অবদান ছিল আরও দুজনের—আর্জেন্টাইন অ্যাঙ্গেল ডি মারিয়া ও ব্রাজিলিয়ান মার্সেলোর। দুর্দান্ত খেলে সতীর্থদের গোল করায় অবদান রেখেছেন তাঁরা। সব মিলিয়ে রেসিংয়ের বিপক্ষে অনবদ্য এক রিয়ালকেই চোখে পড়েছে। তবে এতেও মন ভরছে না কোচ হোসে মরিনহোর। তাঁর রিয়াল যে আরও ভালো কিছু করতে পারে! ‘কয়েকটা ম্যাচ ধরে আমরা খুবই ভালো খেলছি। সমর্থকেরা এতে খুশিতে ভেসে যেতে পারে। তবে আমাদের শান্তই থাকতে হবে। আরও অনেক পথ সামনে পড়ে আছে। আর আমরা তো আরও ভালো খেলতে পারি।’ কোচের কথার প্রতিধ্বনি রোনালদোর কণ্ঠেও, ‘এমন একটা জয় নিশ্চয়ই আনন্দের। তবে এখনো লম্বা পথ পাড়ি দিতে আমাদের।’এই লম্বা পথই আবার ভরসা বার্সেলোনা কোচ পেপ গার্দিওলার। বার্সার সময়টা খুব একটা ভালো যাচ্ছে বলা যাবে না। তবে সময় যত গড়াবে, বার্সেলোনা ততই ভালো করবে বলে বিশ্বাস গার্দিওলার। রিয়াল মাদ্রিদ যেমন প্রতিপক্ষকে গোল-বন্যায় ভাসাচ্ছে, জয় পাচ্ছে দুমড়েমুচড়ে দিয়ে; বার্সেলোনা তেমন নয়। কখনো কষ্টেসৃষ্টে জয় পাচ্ছে কাতালানরা, কখনো আবার সবকিছু ঠিকঠাক থাকলেও গোল পাচ্ছে না আশানুরূপ। ডেভিড ভিয়া ঠিক যেন খাপ খাইয়ে নিতে পারছেন না বার্সা সতীর্থদের সঙ্গে। গোল পাচ্ছেন না পেদ্রো, বোজান কিরকিচরা। তাই ম্যাচের পর ম্যাচ মেসিকেই টানতে হচ্ছে দলকে। চ্যাম্পিয়নস লিগে কোপেনহেগেনের বিপক্ষে জোড়া গোল করে দল জেতানো মেসি পরশুও করেছেন তাই। ম্যাচ শেষে তাই মেসির প্রশংসাতেই পঞ্চমুখ কোচ গার্দিওলা, ‘লিও সত্যিকারের এক গোল স্কোরার। যদিও ও মূল স্ট্রাইকার হিসেবে খেলে না, তবুও যেন গোল করার বিষয়টি মাথায় রাখে।’ এএফপি।