লড়াইটা সেরা দুই অধিনায়কেরও

কুইন্টন ডি ককের জন্য তিন স্লিপ। রাইলি রুশো উইকেটে আসার পর বাড়ল আরেকটি। চাপ ছাড়াতে রুশো ডাউন দ্য উইকেটে গিয়ে মারলেন চার। জবাবে উপহার পেলেন আরেকটি স্লিপ...পাঁচ স্লিপ! মিড অফ নেই। একপর্যায়ে আবার অনসাইডে স্কয়ারের সামনে মাত্র একজন ফিল্ডার, সেটিও বিশ্বকাপ সেমিফাইনালে! ধারাভাষ্যকারদের চোখে, ‘রঙিন পোশাকে টেস্ট ক্রিকেট...।’ তবে বিস্মিত নন কেউই। নতুন কিছু তো নয়, এই বিশ্বকাপে বারবারই এভাবে আক্রমণাত্মক অধিনায়কত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ব্রেন্ডন ম্যাককালাম!
গোটা দুই-তিন স্লিপ হরহামেশাই রাখেন। প্রতিপক্ষ ব্যাটসম্যানের ব্যাটিং স্কিলের সঙ্গে মানসিকতারও চূড়ান্ত পরীক্ষা নেন। সেটা ফিল্ডিং পজিশনে যেমন, তেমনি বোলিং পরিবর্তনেও। এই বিশ্বকাপে নিউজিল্যান্ডের সেরা দুটি বোলিং পারফরম্যান্স মনে করার চেষ্টা করুন। ইংল্যান্ডের বিপক্ষে টিম সাউদির ৭ উইকেটের ৫টিই নিয়েছিলেন দ্বিতীয় স্পেলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রেন্ট বোল্ট ৫ উইকেট নিয়েছিলেন দ্বিতীয় স্পেলেই। সেই দ্বিতীয় স্পেল কিন্তু ব্যাটিং পাওয়ার প্লে বা স্লগ ওভারে নয়, ২০-২৫ ওভারের দিকে! নতুন বলে শুরুর পর স্ট্রাইক বোলারদের ব্যাটিং পাওয়ার প্লে আর শেষের জন্য বাঁচিয়ে রাখেন আর সব অধিনায়ক। ম্যাককালাম ওসবের ধার ধারেন না। প্রতিপক্ষ যখন আস্তে আস্তে ইনিংস গড়তে চায়, ম্যাককালাম চান ওই সময়টাতেই গুঁড়িয়ে দিতে! এ জন্যই নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ক্রিকেটার স্যার রিচার্ড হ্যাডলি থেকে শুরু করে ধারাভাষ্যকক্ষে সাইমন ডুল, ইয়ান স্মিথদের কণ্ঠে মুগ্ধতায় ভরা আক্ষেপ, ‘এমন একজন অধিনায়কের নেতৃত্বে যদি খেলতে পারতাম!’
ম্যাককালাম সম্প্রতি যে ঝান্ডা উঁচুতে তুলে নিয়েছেন, গত বছর দুয়েক সেই ঝান্ডা ছিল মাইকেল ক্লার্কের হাতে। ২০১১ বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার নেতৃত্ব পেয়ে অনেকটা সময় লেগেছে দল গোছাতে। দলটা দাঁড়িয়ে যাওয়ার পর দেখিয়েছেন নিজের নেতৃত্বের ঝলক। দেখিয়েছেন কেন আন্তর্জাতিক ক্রিকেট শুরুর পর থেকেই তাঁকে ভাবা হচ্ছিল অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ অধিনায়ক, কেন শেন ওয়ার্নের মতো আক্রমণাত্মক অধিনায়কও ক্লার্কের অধিনায়কত্বের ভক্ত। বিশেষ করে নতুন শতাব্দীর টেস্ট ক্রিকেটে নেতৃত্বে প্রায় বিপ্লব গড়েছেন ক্লার্ক। বোলিং পরিবর্তন, মাঠ সাজানো, দলের আক্রমণাত্মক শরীরী ভাষায়, সাহসী ইনিংস ঘোষণা, আর প্রতিটি ম্যাচে, যেকোনো পরিস্থিতি থেকে জয়ের তীব্র স্পৃহা—সব মিলিয়ে আধুনিক ক্রিকেটের এই অতি-সাবধানী যুগে ক্লার্ক ফিরিয়ে এনেছেন সত্তর দশকের ফুরফুরে বাতাস।
টেস্ট ক্রিকেটে ক্লার্কের মতো রসদ অতটা সমৃদ্ধ নয় ম্যাককালামের। তার পরও ঠিকই আলাদা করে চিনিয়েছেন নিজেকে। আর ওয়ানডেতে ক্লার্কের নেতৃত্ব-দর্শনকেও এগিয়ে নিয়েছেন আরেক ধাপ। ম্যাককালামের নেতৃত্ব আপাদমস্তক আক্রমণাত্মক, মাঝামাঝি বলে কিছু নেই। নিজের ব্যাটিংয়েও সেটির ছাপ রেখে চলেছেন নিত্যই। বরাবরই তিনি বিস্ফোরক ব্যাটসম্যান, অধিনায়ক হওয়ার পর যেন আরও বেড়েছে ব্যাটের ধার। সবচেয়ে বেশি যেটি চোখে পড়ার মতো, প্রতি ম্যাচেই যেন একটি ‘বার্তা’ দিতে চান। প্রতিপক্ষের সেরা বোলারদের দুমড়ে-মুচড়ে যেন বুঝিয়ে দেন, গুঁড়িয়ে দিতে চান সবকিছু! সে ডেল স্টেইনই হোন বা অ্যান্ডারসন-জনসন! স্টেইনকে যখন ডাউন দ্য উইকেটে এসে মাথার ওপর দিয়ে উড়িয়ে দেন, বা জনসনের বাউন্সার পাঠিয়ে দেন গ্যালারিতে, প্রতিপক্ষের ভড়কে না গিয়ে উপায় আছে!
ক্রিকেট-বিধাতাও বুঝি এই ম্যাককালাম-ক্লার্কের নেতৃত্বের বড় ভক্ত। ফাইনালের মহামঞ্চে তাই মুখোমুখি দাঁড় করিয়েছেন দুজনকে। দুজনের ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ, নেতৃত্বের কঠিনতম পরীক্ষা। ক্লার্ক হারতে ঘৃণা করেন, ম্যাককালাম হারের ভয়কে পাত্তাই দেন না। এই বিশ্বকাপে দুজনের আগের লড়াইটা মনে করুন। ম্যাককালামের দুর্দান্ত নেতৃত্বে অস্ট্রেলিয়ানরা হাঁসফাঁস করে গুটিয়ে গিয়েছিল ১৫১ রানে। সেই রানকেও আবার প্রায় জয়ের মতো বানিয়ে ফেলেছিলেন ক্লার্ক।
এমনিতে এই ম্যাচে বাড়তি আকর্ষণের প্রয়োজন থাকে সামান্যই, বিশ্বকাপের ফাইনাল বলে কথা। কিন্তু ম্যাককালাম আর ক্লার্ক দুই দলের অধিনায়ক বলেই আগ্রহের পারদ উচ্চতম রেখায়। দুই তুখোড় অধিনায়কের ‘মাস্টার ক্লাস’ দেখার অপেক্ষা!