লড়াইটা সোনার বুটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামটা একটু খটোমটো। আলেকজান্দ্রস চেকুলাজেভস। এই প্রথম নামটা শুনে থাকলে লজ্জা পাওয়ার কিছু নেই। তারকা হিসেবে চেকুলাজেভস কেউকেটা গোছের কেউ নন। খেলেনও এস্তোনিয়ার লিগে, ক্লাবের নাম ট্রান্স নারভা। অখ্যাত ক্লাবের ততোধিক অখ্যাত সেই চেকুলাজেভস কিনা ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, রবিন ফন পার্সিদেরও ওপরে!গত সপ্তাহ পর্যন্ত ইউরোপিয়ান গোল্ডেন শু-এর পয়েন্ট তালিকায় এমন চমকে দেওয়া ব্যাপারই ছিল। গত ম্যাচে রিয়াল জারাগোজার বিপক্ষে এক গোল করে শীর্ষে উঠে গেলেন রোনালদো। চেকুলাজেভস এখনো দুইয়ে আছেন, মেসি-ফন পার্সিদের ওপরেই। গত বছর এস্তোনিয়ার লিগে যে করেছেন ৪৬ গোল!ইউরোপের লিগগুলোর সর্বোচ্চ পয়েন্টধারী গোলদাতা প্রতিবছর জেতেন সম্মানজনক এই পুরস্কার। লিগের গুরুত্ব ও প্রতিদ্বন্দ্বিতা বিবেচনায় গোলপ্রতি ১, ১.৫ এবং ২ পয়েন্ট দেওয়া হয়। স্প্যানিশ, ইংলিশ, ইতালিয়ান লিগগুলোর খেলোয়াড়রা গোলপ্রতি পান ২ পয়েন্ট। ২৪ গোল করে রোনালদোর পয়েন্ট তাই ৪৮; ২২ গোল করা মেসির ৪৪। এস্তোনিয়ার লিগে গোলপ্রতি পয়েন্ট ১। এ কারণে ৪৬ গোল করে চেকুলাজেভসের পয়েন্টও ৪৬।ইউরোপিয়ান গোল্ডেন শুর বর্তমান পয়েন্ট পদ্ধতি চালু হয়েছে ১৯৯৬ সাল থেকে। ইউরোপীয় ফুটবল সাময়িকীগুলোর জোট (ইএসএম) দেয় এই পুরস্কার। পয়েন্ট পদ্ধতি চালুর পর থেকে অগুরুত্বপূর্ণ লিগের খেলোয়াড়দের এই পুরস্কার জেতার সম্ভাবনা অনেক কমে যায়। পয়েন্ট পদ্ধতি চালুর আগে যেমন রুমানিয়ার তিন খেলোয়াড় চারবার জিতেছেন এটি। তবে পয়েন্ট পদ্ধতি চালুর পরও তারকাদের বাইরেও অনেকে জিতেছেন। পর্তুগিজ লিগে খেলেও যেমন ব্রাজিলের মারিও জার্দেল সোনার এই বুট জিতেছেন দুবার।দুবার করে এই পুরস্কার জেতার কীর্তি আছে ইউসেবিও, জার্ড মুলারের মতো সাবেক তারকাদের। থিয়েরি অঁরি, ডিয়েগো ফোরলানদের মতো বর্তমান তারকারাও এই পুরস্কার দুবার জিতেছেন। গতবারের বিজয়ী রোনালদোও তা-ই। পর্তুগিজ এই উইঙ্গার প্রথমবার সোনার বুট জিতেছেন ২০০৭-০৮ মৌসুমে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ওই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করেছিলেন ৩১টি। গত মৌসুমে রিয়ালের হয়ে ৪০ গোল করে রোনালদো যেমন হারিয়ে দিয়েছিলেন মেসিকে, আগের মৌসুমেই মেসি জিতেছিলেন এই পুরস্কার। যে ফর্মে আছেন, তাতে এই মৌসুমেও ইউরোপিয়ান গোল্ডেন শু জেতার দৌড়ে রোনালদোই ফেবারিট। পয়েন্ট পদ্ধতি চালুর পর শুধু থিয়েরি অঁরিই টানা দুবার এই পুরস্কার জিতেছেন। ওয়েবসাইট।