লড়াইটা স্মিথ বনাম ভেট্টোরিরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রায়েম স্মিথের হাতে জাদুর কাঠি। যে কাঠির পরশে ‘চোকার’ শব্দটাকে বিশ্বকাপের সোনালি জলে দ্রবীভূত করে দেবে দক্ষিণ আফ্রিকা। এক ইংল্যান্ড ছাড়া গ্রুপ পর্বে আর কারও কাছেই হার মানতে হয়নি। বরং সবই সহজ জয়। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ যখন মামুলি নিউজিল্যান্ড, সেমিফাইনালে কেন যাবে না দক্ষিণ আফ্রিকা?যাবে না কারণ, বিশ্বকাপ থেকে ‘সেমিফাইনালের দল’ বলে একটা ‘সুনাম’ কুড়িয়ে রেখেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে তিনবার আর নিউজিল্যান্ড পাঁচবার। ফাইনালে যখন এ দুদলের কেউই কখনো উঠতে পারেনি, সেমিফাইনালে যাওয়ার অধিকার তো নিউজিল্যান্ডেরই বেশি। আর দক্ষিণ আফ্রিকা এবার যতই ভালো খেলুক, আকস্মিক ভেঙে পড়ার প্রবণতা দলটার মজ্জার মধ্যে ঢুকে আছে। বিশ্বকাপের বড় মঞ্চে চাপে পড়লে তারা ভাঙবেই। তাহলে আজ নয় কেন?দুটো সম্ভাবনাই সামনে। কী হবে আজ? ম্যাচ শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মঞ্চে দাঁড়িয়ে কে তাকাবেন সেমিফাইনালের দিকে? কে নতমস্তকে নেমে বলবেন, বিদায় বিশ্বকাপ! বাংলাদেশের বিশ্বকাপ বিদায়ের রাতটা কাদের জন্য হবে বিশ্বকাপের শেষ রাত?কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দুই অধিনায়ককেই মনে হলো যথেষ্ট আত্মবিশ্বাসী।্রগ্রায়েম স্মিথ যদি বলেন, ‘আমরা আমাদের সেরা খেলাটা খেলতে তৈরি...’, ড্যানিয়েল ভেট্টোরি বললেন, ‘ভালো খেলে আমরাও নিজেদের জন্য একটা সুযোগ তৈরি করতে পারি।’ম্যাচের আগে এটাই হয়—কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান। ম্যাচের পর এক দল উল্লাস করে তো, আরেক দল বিষণ্নতায় ডোবে। কাগজ-কলমের শক্তিমত্তার কথা যদি বলেন, আজ উল্লাস করার কথা স্মিথ-ক্যালিসদের। ভারত-বাংলাদেশ-শ্রীলঙ্কায় বিশ্বকাপ হলে তাদের জন্য সবচেয়ে বড় বাধা হতে পারত কন্ডিশন। অথচ এবার শুরু থেকেই উপমহাদেশীয় কন্ডিশনকে পাত্তা দিচ্ছেন না স্মিথ। কথায় এবং ভাবেসাবেও বুঝিয়ে দিচ্ছেন, এটা এখন আর কোনো ফাঁদ নয় প্রোটিয়াদের জন্য। গতিহীন উইকেট থেকে কীভাবে জয় তুলে নিতে হয়, সেই বিদ্যা দক্ষিণ আফ্রিকার জানা।হতে পারে। কিন্তু ভেট্টোরি-ম্যাককালামদেরই বা পিছিয়ে রাখবেন কীভাবে? বেশি দিন আগের কথা নয়, গত বছরের অক্টোবরে ঢাকায় চার ওয়ানডের সিরিজ খেলে গেছেন তারা বাংলাদেশের বিপক্ষে। মিরপুরের উইকেট তো উইকেট, আউটফিল্ডের সবুজ ঘাসগুলোও যে তাঁদের চেনা! হতে পারে ওই সিরিজে নিউজিল্যান্ড ৪-০তে হেরেছে, কিন্তু হার থেকে তো শিক্ষাই নেয় মানুষ। সর্বশেষ অভিজ্ঞতায় জয় না থাকলেও মিরপুরে হার এড়াতে কী করা উচিত, কোয়ার্টার ফাইনালের আগে সেই হোমওয়ার্ক ব্ল্যাকক্যাপদের খারাপ হওয়ার কথা না।নিউজিল্যান্ডের পক্ষে একটা ইতিহাসও থাকছে এই ম্যাচের আগে। বিশ্বকাপে সর্বশেষ কোয়ার্টার ফাইনাল ছিল ১৯৯৬ সালে, বিশ্বকাপ সেবারও হয়েছিল উপমহাদেশে। এবারের মতো সেবারও কোয়ার্টার ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। তবে সেমিফাইনালে ওঠার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে এক ব্রায়ান লারার সেঞ্চুরির নিচেই চাপা পড়ে যায় সবকিছু।নিউজিল্যান্ড দলে কোনো ব্রায়ান লারা নেই। ঢাকাও করাচি নয়। ২০১১ সালে ’৯৬-এর দুঃস্মৃতি ফিরে আসার শঙ্কা তাই করছে না প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্নাবিষ্ট দক্ষিণ আফ্রিকা। স্মিথও নিশ্চয়ই চান না, বাংলাদেশেই মুখ থুবড়ে পড়ুক তার শেষ ‘ফ্লাইট’। ২০০৩ সালে ঢাকা থেকেই উড়াল দিয়েছিল তাঁর অধিনায়কত্ব ক্যারিয়ার। বিশ্বকাপ শেষে সেই অধিনায়কত্বই শুধু নয়, খুলে রাখবেন ওয়ানডের প্যাড জোড়াও। বিদায়ের স্মৃতিটাকে সুখময় করে রাখতে বাংলাদেশ থেকে জয় নিয়েই ফিরতে হবে স্মিথকে।দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল স্বপ্নে ঝাঁকি দিতে আজ ভেট্টোরিদের স্পিনই হতে পারে বড় শক্তি। আরও নির্দিষ্ট করে বললে ভেট্টোরি নিজেই। লড়াইটা কি তাহলে শেষ পর্যন্ত স্মিথ বনাম ভেট্টোরিতে গিয়েই ঠেকছে?