লড়াইয়ে তাহলে লিভারপুল-চেলসি?
শিরোপা-স্বপ্নে বড় এক ধাক্কা লাগল ম্যানচেস্টার সিটির। পরশু নিজেদের মাঠে পয়েন্ট তালিকার তলানির দল সান্ডারল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। ড্রটাও এসেছে ভাগ্যক্রমে। সামির নাসরির জোরালো শটটা সান্ডারল্যান্ড গোলরক্ষক ভিতো মানোনের হাত ফসকে না গেলে হেরেই মাঠ ছাড়তে হতো। ৮৮ মিনিটে নাসরির এই গোলের আগে ১০ মিনিটের ব্যবধানে কনর উইকহ্যামের জোড়া গোলে ২-১ গোলে এগিয়ে যায় সান্ডারল্যান্ড। তবে ফার্নান্দিনহোর গোলে পিছিয়ে পড়েছিল তারা খেলা শুরুর ২ মিনিটের মধ্যেই।
সিটি পা হড়কানোয় লাভ হয়েছে লিভারপুল ও চেলসির। সিটির চেয়ে লিভারপুল এগিয়ে গেছে ৬ পয়েন্টে, চেলসি ৪ পয়েন্টে। সিটি অবশ্য কম খেলেছে একটি ম্যাচ। ওদিকে লিভারপুলের নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের জয়ের ধারায় ছেদ টেনে দিয়েছে ক্রিস্টাল প্যালেস। টানা সাত ম্যাচ জেতা এভারটনকে পরশু ৩-২ গোলে হারিয়েছে প্যালেস। এই পরাজয় আর্সেনালকে টপকে চারে উঠতে দিল না এভারটনকে।
পরশু সিটি খেলেছে চোটগ্রস্ত ইয়াইয়া তোরে ও ডেভিড সিলভাকে ছাড়াই। কোচ পেলেগ্রিনি অবশ্য হারের পেছনে মানসিক অবসাদেরই দায় দেখছেন, ‘শারীরিক ক্লান্তি নয়, আমরা মানসিকভাবেই বেশি ক্লান্ত ছিলাম। আমার মনে হয় না লিভারপুল ম্যাচটাকে আমরা মাথা থেকে ঝেড়ে ফেলতে পেরেছি।’
ইংলিশ প্রিমিয়ার লিগের ভাগ্য এখন পুরোপুরিই চেলসি ও লিভারপুলের হাতে। ২৭ এপ্রিল অ্যানফিল্ডে এ দুই দলের লড়াইয়েই হয়তো মীমাংসা হবে লিগ শিরোপার। তবে দুই বছর আগের স্মৃতি মনে করেই এখনো আশা ছাড়ছেন না পেলেগ্রিনি, ‘আমাদের আরও পাঁচটি ম্যাচ খেলতে হবে। তাই আমাদের সুযোগ তো আছেই, তবে সেটা এই ম্যাচের আগে যেটুকু ছিল তার থেকে কিছুটা কমে গেছে। এখন আমার দায়িত্ব হচ্ছে খেলোয়াড়দের সঙ্গে কথা বলা ও এই পাঁচটি ম্যাচ জেতার চেষ্টা করা। মনে পড়ে দুবছর আগে এই দলটা শীর্ষ দলের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে ছিল কিন্তু শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল এরাই।’
আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে ২১ এপ্রিল ঘরের মাঠে ওয়েস্ট ব্রমকে আতিথ্য দেবে সিটি। এরপর ক্রিস্টাল প্যালেস ও এভারটনের সঙ্গে খেলবে অ্যাওয়ে ম্যাচে। ৭ ও ১১ মে অ্যাস্টন ভিলা ও ওয়েস্ট হামের সঙ্গে নিজেদের মাঠেই শেষ দুটি ম্যাচ সিটির। নরউইচ, চেলসি, ক্রিস্টাল প্যালেস ও নিউক্যাসলের বিপক্ষে শেষ চারটি ম্যাচ লিভারপুলের। লিভারপুল ছাড়া চেলসির খেলা সান্ডারল্যান্ড, নরউইচ ও কার্ডিফ সিটির সঙ্গে। এএফপি।