লড়াইয়ে নেমে পড়লেন কন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযোগ অস্বীকার করে লড়াইয়ে নেমে পড়লেন আন্তোনিও কন্তে। আর নিজেকে নির্দোষ প্রমাণের এই লড়াইয়ে জুভেন্টাস কোচ সামনে নিয়ে এসেছেন নিজেরই ফুটবল অতীতকে।ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগে গত পরশু দেশের ২৩টি শহরে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ইতালিয়ান পুলিশ। তদন্তের অংশ হিসেবে জুভেন্টাস কোচকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর বাড়িতে তল্লাশিও করেছেন ক্রেমোনার সরকারি আইনজীবী।কন্তের জড়িত থাকার অভিযোগটি করেছেন তাঁরই সাবেক শিষ্য ফিলিপ্পো কারব্বিও। দুই দলেরই সিরি ‘আ’তে ওঠা নিশ্চিত করতে ড্রয়ের শর্তে ২০১১ সালের এপ্রিলে সিয়েনা-নোভারার ম্যাচটি পাতানো হয় বলে গুঞ্জন। কারব্বিওর দাবি, নোভারার বিপক্ষে ম্যাচ পাতানোর বিষয়টি কন্তে জানতেন। ওই সময় সিয়েনার কোচ ছিলেন কন্তে।কিন্তু অভিযোগ অস্বীকার করে কন্তে বলছেন, ‘খেলোয়াড় এবং কোচ হিসেবে আমার ফুটবল ইতিহাসই আমার হয়ে জোর গলায় কথা বলবে। এ ব্যাপারে আমার সতীর্থ, আমার খেলোয়াড় এবং আমার প্রতিপক্ষদের জিজ্ঞেস করতে পারেন। ভুলে যাবেন না, সততা এবং চারিত্রিক দৃঢ়তার কারণে আমাকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। গত বছর আমাদের চেষ্টা ও পরিশ্রমেই সিয়েনা সিরি ‘আ’তে উন্নীত হয়েছে। এটা ছিল বিস্ময়কর একটি বছর এবং আমি আবারও বলছি, এই ঘটনায় আমি ও আমার খেলোয়াড়েরা কিছু করেনি।’শুধু কোচ কন্তে নন, জুভেন্টাসের সেন্টার ব্যাক লিওনার্দো বুনাচ্চির বিপক্ষেও অভিযোগ উঠেছে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার। বুনাচ্চি তখন খেলতেন বারিতে। অবশ্য অভিযোগ সত্ত্বেও বুনাচ্চি ইতালির ২০১২ ইউরোর দলে আছেন। অথচ বাদ দেওয়া হয়েছে ডিফেন্ডার ডমেনিকো ক্রিসিতোকে। জেনিত সেন্ট পিটারসবার্গের ডিফেন্ডার নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ‘এ রকম (ম্যাচ পাতানো) কিছু আমি করিনি। আমি ভাগ্যবান যে ২০, ৩০ কিংবা ৪০ হাজার ইউরোর আমার দরকার নেই।’এদিকে ইতালি কোচ সিজারে প্রাণদেল্লি বলেছেন, ইউরোতে অমানবিক চাপের মুখে পড়তে হবে বলেই তিনি ক্রিসিতোকে বাদ দিয়েছেন। এএফপি, ওয়েবসাইট।