লড়াইয়ে ফেরার চেষ্টা ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের হাতে না নিতে পারলেও অস্ট্রেলিয়াকে কিছুটা চাপের মুখে ফেলতে পেরেছে সফরকারী ইংল্যান্ড। গতকাল প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে আজ পাঁচটি উইকেট খুইয়েছে অসিরা। ইংল্যান্ড এখনো এগিয়ে আছে ৪০ রানে। আজ দিনের শুরুটা ভালোভাবেই করেছিলেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার শেন ওয়াটসন আর সাইমন ক্যাটিচ। উদ্বোধনী জুটিতে যোগ করেছিলেন ৭৮ রান। কিন্তু ওয়াটসনকে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়া শিবিরে প্রথম আঘাত হানেন জেমস অ্যান্ডারসন। ৩৬ রান করে স্ট্রাউসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওয়াটসন। এরপর প্রথম সেশনটা আর কোনো বাধা ছাড়াই কাটিয়ে দেন ক্যাটিচ আর পন্টিং। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর তিন ওভারের মধ্যেই অস্ট্রেলিয়ার এই দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে অসিদের একটা বড় ধাক্কা দেন দুই ইংলিশ ফাস্ট বোলার স্টিভেন ফিন আর অ্যান্ডারসন। ক্যারিয়ারের ২৫তম অর্ধ সেঞ্চুরি করে ফিনের শিকারে পরিণত হন ক্যাটিচ। আর মাত্র ১০ রান করে অ্যান্ডারসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে অস্ট্রেলীয় সমর্থকদের হতাশ করেছেন অধিনায়ক রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার স্কোর তখন ৩ উইকেটে ১০০ রান। এরপর বেশ কিছুক্ষণ ক্রিজে থাকলেও অস্ট্রেলিয়ান স্কোরবোর্ডে মাত্র ৪৩ রান যোগ করেই ফিরে গেছেন মাইকেল ক্লার্ক আর মার্কাস নর্থ।ষষ্ঠ উইকেট জুটিতে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছেন মাইক হাসি আর ব্রাড হাডিন। দিন শেষে হাসি ৮১ আর হাডিন ২২ রানে অপরাজিত আছেন।— ক্রিকইনফো।