লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছেন গিবসন
গল্পটা কেবল শিবনারায়ণ চন্দরপলই জানেন। সতীর্থদের একদিন ডেকে নিয়ে বলতে পারেন সেই গল্পটা। গল্পই। ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ যে টেস্ট জিততে পারে এখন এটা কল্পিত একটা ব্যাপারই যেন হয়ে গেছে!ইংল্যান্ডের মাটিতে ক্যারিবীয়দের সর্বশেষ টেস্ট জয় এক যুগ আগের ঘটনা। বার্মিংহাম টেস্টে খেলা সেই ২২ জনের মধ্যে এই সিরিজে আছেন কেবল চন্দরপলই। ৭৩ রানের ইনিংস খেলে নিজেও সেই জয়ে রেখেছিলেন ভূমিকা। এর পরের ১৫ টেস্টে ১৩টিতেই হেরেছে ক্যারিবীয়রা, বাকি দুটি ম্যাচ ড্র। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের গল্প অবশ্য চন্দরপলও বলতে পারবেন না। এর জন্য দাওয়াত করে আনতে হবে ডেসমন্ড হেইন্স-গর্ডন গ্রিনিজদের। সেটা যে সিকি শতাব্দী আগের ঘটনা! অথচ নিজেদের স্বর্ণযুগে বারবার ইংলিশদের অহংবোধে কষে চড় লাগিয়ে গেছে ক্যারিবীররা। প্রভু, শাসক; তাদের কাছেই শেখা ক্রিকেট। সেই প্রভুদেরই তাদের মাটিতে হারানো—ক্যালিপসোর সুরও বুঝি তখন বাঁধা হতো অন্য এক মাত্রায়! ইংল্যান্ডে টানা পাঁচটি সিরিজ জয়ের কীর্তি আছে ওয়েস্ট ইন্ডিজের। আছে টানা ১০ সিরিজের আটটিতেই জেতার রেকর্ডও। সেই তারাই এখানে সর্বশেষ চারটি সিরিজে আত্মসমর্পণ করে গেছে।রাজা রাজ্য হারিয়ে ফেললে যা হয় আরকি। ওয়েস্ট ইন্ডিজও প্রতিবার ইংল্যান্ডে এলে শুরু হয়ে যায় পুরোনো সুখস্মৃতির রোমন্থন। এবারও হচ্ছে। তবে অনেকেরই আশঙ্কা, ১৭ মে থেকে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজটা না একেবারেই একতরফা হয়ে যায়। লড়াইটা শুধু এক নম্বর দলের সঙ্গে সাতের নয়। ইংল্যান্ডের কন্ডিশনও ক্যারিবীয়দের জন্য প্রতিকূল। অবশ্য তার পরও উইন্ডিজ কোচ ওটিস গিবসন দিচ্ছেন লড়াইয়ের প্রতিশ্রুতি। এবং সেই প্রতিশ্রুতি দিতে গিয়ে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজের কথাই টেনেছেন। যদিও ওই সিরিজে ২-০ ব্যবধানেই হেরেছে তাঁর দল।হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ হেরেছে। কিন্তু তিন টেস্টেই বেশ কিছু উজ্জ্বল মুহূর্ত ক্যারিবীয়দের জন্য এসেছিল হারানো দিনের কথা মনে করিয়ে দেওয়ার উপলক্ষ হয়ে। অন্তত দুটি টেস্টে দীর্ঘ সময় ধরে ম্যাচের লাগাম নিজেদের হাতেই রেখেছিল তারা। গিবসন মনে করেন, সেই মুহূর্তগুলো আরও ধারাবাহিক করতে পারলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। ইংল্যান্ড সফরে তাই তিনি একটি জিনিসই চান, ধারাবাহিকতা।গত সিরিজে বোলারদের কাছ থেকে প্রত্যাশিত লড়াইটাই পেয়েছেন। যদিও কোচকে হতাশ করেছে টপ-অর্ডার ব্যাটিং। তার পরও এই সিরিজে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। অধিনায়ক ড্যারেন স্যামি বলছেন, আস্থা ভোট দেওয়া হয়েছে। এখন সেই আস্থার প্রতিদান দেওয়ার পালা আদ্রিয়ান বারাথ, কাইরান পাওয়েলদের। টেস্ট সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথম প্রস্তুতি ম্যাচটি শুরু হয়েছে গতকালই। এএফপি, ওয়েবসাইট।