লড়াইয়ের ভেতর লড়াই
মারাকানায় জার্মানি-আর্জেন্টিনা মহারণ। তবে এই যুদ্ধের ফল নির্ধারণ করে দেবে ভেতরের কয়েকটি লড়াই। চলুন দেখে নেওয়া যাক ফাইনালের সেই লড়াইগুলো হবে কোথায়—

মেসি বনাম খেদিরা
আর্জেন্টিনাকে হারানোর সবচেয়ে মোক্ষম উপায় মেসিকে আটকে রাখা। সেটা একজনের পক্ষে কখনোই সম্ভব নয়। জার্মান ডিফেন্ডার বেনেডিক্ট হুভেডেস যেমন আগেই বলে রেখেছেন, কাজটা অনেকে মিলেই

করতে হবে। সত্যি কথা। তবে সবার মধ্যেও স্যামি খেদিরার দায়িত্ব একটু বেশি। মাঠে মেসির সঙ্গে বল দখলের মূল লড়াইটা হবে এই জার্মান ডিফেন্সিভ মিডফিল্ডারের। সেমিফাইনালে ব্রাজিলিয়ান মিডফিল্ডকেও যথেষ্ট সাফল্যের সঙ্গে আটকে রেখেছেন খেদিরা। তবে মেসি বলেই আজ চ্যালেঞ্জটা আরও বড়।

মুলার বনাম রোহো
সামান্যতম সময়ের জন্য তাঁকে চোখের আড়াল করলে কী হতে পারে সেটা মুলার দেখিয়েছেন ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে প্রথম গোলটা করে। তার আগে টমাস মুলারকে আটকাতে না পেরে ভুগেছে পর্তুগালও। কাজটা করার জন্য কয়েকজন সেরা ডিফেন্ডার বেছে নিতে বলা হলে সেই তালিকায় মার্কোস রোহোর জায়গা হবে না। বিশ্বকাপের আগেও তিনি আর্জেন্টিনার একাদশে থাকবেন কি না, সেটাই নিশ্চিত ছিল না। কিন্তু রোহো ভুল প্রমাণ করেছেন অনেককে। আজ আরও একবার নিজেকে প্রমাণের দিন আর্জেন্টাইন ডিফেন্ডারের।
ক্রুস বনাম মাচেরানো
দুজনেই আছেন গোল্ডেন বলের মনোনীতদের তালিকায়। বোঝাই যাচ্ছে, বিশ্বকাপটা দুর্দান্ত কাটাচ্ছেন জার্মানি ও আর্জেন্টিনার এই দুই মিডফিল্ডার। মাঝমাঠে ক্রুসের যেমন দাপট, তেমনি প্রতিপক্ষের রক্ষণভাগে ফাটল ধরাতেও বেশ দক্ষ। আর সেটা করতে গেলে তাকে বাধার মুখোমুখি হতে হবে মাচেরানোর কাছ থেকে। সেমিফাইনালে রোবেনকে যেভাবে ঠেকিয়েছেন আজ কি ক্রুসকে সেভাবে ঠেকাতে পারবেন আর্জেন্টাইন মিডফিল্ডার?