লড়াকু এক শাহনাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোন–প্রথম আলো বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার হাতে শাহনাজ পারভীন
গ্রামীণফোন–প্রথম আলো বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার হাতে শাহনাজ পারভীন

পুরস্কারের আনন্দটা ভাগাভাগি করতে মঞ্চে ডেকে নিলেন গোটা দলকে। যাঁদের সমর্থন আর সহযোগিতায় এতদূর এসেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে কী অসাধারণ দৃষ্টান্তই না রাখলেন শাহনাজ পারভীন (মালেকা)। এ জন্য প্রশংসিতও হলেন সবার কাছে।
বাংলাদেশের মহিলা কাবাডির অবিসংবাদিত সেরা, ২০০৮ থেকে অধিনায়ক। শুধু এই একটা বাক্যে তাঁর অবদান বোঝানো যাবে না। বাংলাদেশের মহিলা কাবাডির সূচনালগ্নে যে ১০-১২ জন খেলোয়াড় ছিলেন সেই দলের সবাই ফিরে গেছেন ঘরকন্নায়। একমাত্র শাহনাজ পারভীন টিকে থাকলেন। দিনে দিনে তাই হয়ে উঠছেন বাংলাদেশের মহিলা ক্রীড়াঙ্গনের অন্যতম বিজ্ঞাপন।
সেটিরই পুরস্কার হাতে নিয়ে শাহনাজ আনন্দে আত্মহারা। গ্রামীণফোন-প্রথম আলো ২০১৩ বর্ষসেরা নারী ক্রীড়াবিদ তাঁর প্রতিক্রিয়ায় একটা নামই বললেন ঘুরিয়ে ফিরিয়ে—বাংলাদেশ আনসার। এই দলে খেলেন শাহনাজ, দলটির অধিনায়কও। অনুষ্ঠান ছেড়ে যাওয়ার সময় অনেকেই যখন একের পর এক তাঁকে অভিনন্দন জানাচ্ছিলেন, শাহনাজ আনসারের প্রতি তাঁর কৃতজ্ঞতা ঢেলে দিলেন, ‘আনসারের সমর্থন না পেলে আমি এতদূর আসতে পারতাম না। আমার জীবনে এই প্রতিষ্ঠান অনেক অবদান রেখেছে। আনসারের সব কর্মকর্তা, খেলোয়াড়ের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এই অর্জন আমার একার নয়, আমাদের সবার। বিশেষ করে বাংলাদেশ আনসারের অবদান আমি কখনো ভুলব না।’
শাহনাজ পারভীন কাবাডির প্রতীক হয়ে গেছেন। এশিয়ান গেমসে তাঁর নেতৃত্বে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ব্রোঞ্জ এসেছে এস এ গেমসে। জিতেছেন আরও অনেক পদক। খেলেছেন বিশ্বকাপে। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে উঠে এসেছেন, ঢাকায় প্রথম আসা ২০০৩ সালে। শুরুটা হ্যান্ডবল দিয়ে, খেলেছেন হ্যান্ডবলের জাতীয় দলে। অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল দলের সদস্য ছিলেন। তিনটি খেলার সর্বোচ্চ পর্যায়ে নাম লেখাতে পারা শাহনাজ পারভীনদের মতো সাহসী নারীর পক্ষেই সম্ভব।
অনুষ্ঠান শেষে কাবাডি কোচ আবদুল জলিল বলছিলেন, ‘এমন লড়াকু নারী এই সমাজে কমই আছে। সব বাধা পেরিয়ে যে কিনা নবীনদের কাছে হয়ে উঠেছে আদর্শ এক খেলোয়াড়।’ জলিলের কথার প্রতিধ্বনি শোনা গেল সবার কণ্ঠেই।