প্রথম আধা ঘণ্টার মধ্যেই তিন গোল। ব্রাজিল রীতিমতো সাম্বার ছন্দে। মনে হচ্ছিল, প্রথম ম্যাচেই একটা বার্তা দিতে চায়। অধরা অলিম্পিক জয়ের জন্য এবার তূণে সব তির নিয়েই নেমেছে, বুঝিয়ে দিতে চায় সেটিও। না জানি আরও কয় গোল হজম করতে হয় মিসরকে। কিন্তু সেই ব্রাজিলই ম্যাচ শেষ করল ড্রয়ের শঙ্কায় কাঁপতে কাঁপতে। দারুণভাবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াল মিসর। যদিও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই অলিম্পিকে যাত্রা শুরু করেছেন নেইমাররা।মিসর শেষ পর্যন্ত না পারলেও সেনেগাল ঠিকই পেরেছে। স্বাগতিক ব্রিটেনকে প্রথম ম্যাচেই ১-১ গোলে আটকে দিয়েছে আফ্রিকার দেশটি। তবে অলিম্পিকের পুরুষ ফুটবলের প্রথম দিনে সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে জাপান। বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে দিয়েছে এশিয়ার এই পরাশক্তি! ৩৪ মিনিটে ইউকি ওসতুর গোলে এগিয়ে গিয়েছিল জাপান। সেই গোল আর শোধই করতে পারেনি স্পেন। উল্টো ৪১ মিনিটে ইনিগো মার্তিনেজ লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন, শেষ ৫০ মিনিট তাই ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে স্পেনকে। বড় শক্তির দলগুলোকে চোখ রাঙানোর রাতে উরুগুয়েকেও ভয় পাইয়ে দিয়েছিল আরব আমিরাত। দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন উরুগুয়ের জালে ২৩ মিনিটেই বল ঢুকিয়ে দিয়েছিলেন ইসমাইল মাতার। ৪২ মিনিটে গাস্তন রামিরেজের গোলে সমতা ফেরায় উরুগুয়ে। ৫৬ মিনিটে নিকোলাস লোদেইরোর করা গোলটিই জয় এনে দেয় উরুগুয়েকে।ফেবারিটদের এমন কাঁপাকাঁপির রাতে সবচেয়ে প্রত্যয় নিয়ে শুরু করেছিল ব্রাজিল। নেইমার ছিলেন দুর্দান্ত। ১৬ আর ২৬ মিনিটে দুটো গোল করিয়েছেন তিনিই। প্রথমে ডিফেন্স-চেরা পাসে রাফায়েলকে দিয়ে। ১০ মিনিট পর তাঁর লং বল খুঁজে দিয়েছিল দামিয়াওকে। ২-০ করেছেন তিনি। এবার গোল করিয়ে নয়, নেইমার আরও উজ্জ্বল হয়ে উঠলেন গোল করে। দুর্দান্ত ড্রিবলিং করে মিসরের বক্সে ঢুকে পড়েছেন। বল বাড়িয়ে দিয়েছেন হাল্ককে। হাল্কের ফিরতি পাস হেড দিয়ে লক্ষ্যভেদ করেন। আধঘণ্টায় ৩ গোল হজম করে মিসর কিন্তু ঘাবড়ে যায়নি। বরং দ্বিতীয়ার্ধে গোছাল আক্রমণ দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছ। ৫২ মিনিটে মোহামেদ আবুত্রিকা, দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা মোহামেদ সালাহ ৭৬ মিনিটে গোল করলে ম্যাচ জমে ওঠে। মিসর অবশ্য শেষ পর্যন্ত অনেক চেষ্টাতেও সমতা ফেরানো গোলটির দেখা পায়নি। এএফপি, রয়টার্স।