লড়ে যাচ্ছে উত্তরাঞ্চল

শর্ট বলটাকে প্রাপ্য সাজা দিয়েই বাউন্ডারিতে পাঠালেন পুল করে৷ পরের বলে কী মনে করে খেললেন ডাউন দ্য উইকেটে, অল্পের জন্য ক্যাচ হলেন না মিড অনে৷ পরের বল আবার ডাউন দ্য উইকেট! চার পেলেন বটে, কিন্তু এদিক-সেদিক হলেই সর্বনাশ হতো৷ নাসির হোসেনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ম্যাচ জিততেই বুঝি এক ওভারে ১২-১৪ রান প্রয়োজন৷ অথচ সেটি পাঁচ িদনের ম্যাচের চতুর্থ দিনের শেষ ওভার, ম্যাচ বাঁচাতে লড়ছে তাঁর দল!
প্রতিভা-সামর্থ্য নিয়ে সংশয় নেই৷ কিন্তু গত কিছুদিনে নাসির আলোচিত (পড়ুন সমালোচিত) হয়েছেন ছটফটে ব্যাটিংয়ের কারণেই৷ থিতু হয়ে আউট হচ্ছেন বারবার, ভালো ব্যাটিং করতে করতেই পেয়ে বসছে খামখেয়ালিপনা৷ এই ম্যাচেই প্রথম ইনিংসে ৭০ করে খোঁচা দিয়ে আউট হওয়ার পর বলেছিলেন, ওই মুহূর্তে সেটাই নাকি ঠিক মনে হয়েছে! ইতিবাচক থাকাই হয়তো তাঁর ব্যাটিংয়ের শক্তি৷ তাই বলে কাল শেষ ওভারে রাজ্জাকের বোলিংয়ে যা করলেন, সেটা খামখেয়ালি ছাড়া আর কী! আগের ভুল থেকে শিক্ষা নেওয়ার প্রমাণটাই বা কোথায়?
এর আগ পর্যন্ত অবশ্য যথেষ্ট আস্থার সঙ্গেই খেলছিলেন৷ আরেক পাশে আস্থার প্রতিমূর্তি ফরহাদ হোসেন৷ চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ১২৮ রানের জুটি অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখাচ্ছে উত্তরাঞ্চলকে৷ লক্ষ্য ৫৭৩ বললে অসম্ভব শোনাবে৷ তবে আলাদা করে যদি বলা হয় ৭ উইকেট হাতে নিয়ে ৩১৯, তাহলে ততটা এভারেস্টসমান মনে হয় না৷ চতুর্থ দিন শেষে সমীকরণটা সেখানেই নামিয়ে এনেছে উত্তরাঞ্চল৷ কাজটা ভীষণ দুরূহ এখনো, তবে অসম্ভব নয়৷ বিশেষ করে দক্ষিণাঞ্চল যেখানে হারিয়ে ফেলেছে সোহাগ গাজীকে৷ পিঠে চোট পেয়ে কাল ৪ ওভার বোলিং করেই মাঠ ছেড়েছেন সোহাগ৷ ম্যাচে তো আর বোলিং করতে পারবেনই না, অনিশ্চিত ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরও৷ উত্তরাঞ্চল সত্যি অভাবনীয় কিছু করে ফেললে বিশ্ব রেকর্ডই হয়ে যাবে৷ প্রথম শ্রেণির ক্রিকেটে রান তাড়ার রেকর্ড এখন ৫৪১, ২০১০ সালে ভারতের দলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৩ উইকেটে জিতেছিল পূর্বাঞ্চল৷ বাংলাদেশের রেকর্ড ৪৫২, ২০০১ সালের জানুয়ারিতে জাতীয় লিগে বিমানের বিপক্ষে ৮০ ওভারে ওই রান তাড়া করে ৪ উইকেটে জিতেছিল ঢাকা মেট্রো৷
১১১ রানে দিন শুরু করা মিঠুন কাল সকালে আউট হয়েছেন আর ১৫ রান যোগ করেই৷ দ্রুত রান বাড়াতে গিয়ে দক্ষিণাঞ্চল উইকেট হারিয়েছে নিয়মিত৷ শুভাগতকে বোল্ড করে ম্যাচে ১০ উইকেট হয়েছে তাইজুল ইসলামের, তবে সেটা উপভোগ্য নয় অবশ্যই৷ প্রথম ইনিংসে যেখানে ৮৬ রানে ৮ উইকেট, দ্বিতীয় ইনিংসে ১৫৬ রানে ২ উইকেট! কাল তো তরুণ বাঁহাতি স্পিনারের এক ওভারে দুই ছক্কা ও দুই চারে ২১ রান িনলেন রাজ্জাক৷ অধিনায়কের ২৪ বলে ৩৩ রানের ঝড়েই ৫০০ পেরিয়েছে দক্ষিণাঞ্চল, লিড ৫৭২৷
রান তাড়ায় উত্তরাঞ্চলের শুরুটা ছিল বলের সঙ্গে পাল্লা দিয়ে৷ উদ্বোধনী জুটিতে জুনায়েদ ও মাইশুকুর ১০.৪ ওভারে তোলেন ৫৭৷ আল আমিনকে দারুণ এক স্কয়ার ড্রাইভে চার মেরে শুরু করা মাইশুকুর আউট হয়েছেন ৩৮ বলে ৩২ করে৷ নড়বড়ে শুরুর পর জুনায়েদ ফিরেছেন ৬৬ বলে ৫১ করে৷ নাঈমও আউট হয়েছেন থিতু হয়ে, রাজ্জাককে ব্যাকফুটে পুশ করতে গিয়ে প্লেড অন৷ তবে সতীর্থদের পথে হাঁটেননি ফরহাদ৷ নাসিরও টিকে গেছেন, যদিও শেষ বিকেলে উইকেট ছুড়ে আসার চেষ্টায় ত্রুটি রাখেননি৷ আজ সেঞ্চুরির চেয়েও দলের জয়ই লক্ষ্য হওয়ার কথা তাঁদের কাছে৷
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণাঞ্চল: ১ম ইনিংস ২৭১ ও ২য় ইনিংস ১১৬.৩ ওভারে ৫৩৬ (মিঠুন ১২৬, শুভাগত ২২, তাইবুর ৩১, জিয়াউর ১৫, সোহাগ ১২, রাজ্জাক ৩৩, আল আমিন ০, মুস্তাফিজুর ০*, শুভাশিস ৩/১২৮, রেজা ২/৫৯, তাইজুল ২/১৫৬, নাঈম ১/৩১, তানভির ১/৩৩)৷ উত্তরাঞ্চল: ১ম ইনিংস ২৩৫ ও ২য় ইনিংস ৬৩ ওভারে ২৫৪/৩ (মাইশুকুর ৩২, জুনায়েদ ৫১, ফরহাদ হোসেন ৮৫*, নাঈম ১৬, নাসির ৬৭*, রাজ্জাক ২/৭৬, শুভাগত ১/৪১)৷