লড়ে যাচ্ছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে চাইলে আরও বেশ কিছু সময় ব্যাটিং করতে পারত স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিন্তু স্কোরবোর্ডে ২৭৫ রান জমা হওয়ার পরই ইনিংস ঘোষণা করেন গ্রায়েম স্মিথ। জয়ের জন্য পাকিস্তানকে বেঁধে দেন ৪৮০ রানের লক্ষ্য। প্রথম ইনিংসে যে পাকিস্তান মাত্র ৪৯ রানে গুটিয়ে গিয়েছিল, তাদের বিপক্ষে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ৪৮০ রানের পুঁজিটা হয়তো যথেষ্টই মনে করেছিলেন প্রোটিয়া অধিনায়ক। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেশ ভালোই লড়াই চালাচ্ছে সফরকারী পাকিস্তান। ৪ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে আজ তৃতীয় দিনের খেলা শেষ করেছে মিসবাহ বাহিনী। পঞ্চম উইকেটে ১০১ রানের জুটি গড়ে অপরাজিত আছেন আসাদ শফিক ও মিসবাহ-উল-হক।৪৮০ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। মাত্র ৭ রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার মোহাম্মদ হাফিজ। দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন আরেক ওপেনার নাসির জামশেদ ও আজহার আলী। দলীয় ৬৪ রানের মাথায় এই জুটি ভাঙেন ডেল স্টেইন। ৪৬ রান করে ফিরে যান জামশেদ। এরপর দ্রুতই সাজঘরের পথ ধরেন আজহার আলী ও ইউনুস খান। সে সময় ৮২ রানে ৪ উইকেট হারিয়ে হয়তো বড় ব্যবধানে হারের আশঙ্কাতেই দুলছিল পাকিস্তান। কিন্তু পঞ্চম উইকেটে ১০১ রানের চমত্কার এক অবিচ্ছিন্ন জুটি গড়ে পাকিস্তান শিবিরে আশার আলো জ্বালিয়ে রেখেছেন অধিনায়ক মিসবাহ ও আসাদ শফিক। দিন শেষে ৫৩ রান করে অপরাজিত আছেন শফিক। ৪৪ রান নিয়ে আগামীকাল উইকেটে আসবেন মিসবাহ।জোহানেসবার্গ টেস্টে জয়ের জন্য এখন পাকিস্তানের প্রয়োজন আরও ২৯৭ রান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার দরকার আর ছয় উইকেট।