লড়ে যাচ্ছে বাংলাদেশ

নিউজিল্যান্ডের ৩০৭ রানের স্কোর তাড়া করে এই মুহূর্তে মোটামুটি ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। তবে শামসুর রহমান ৯৬ রান করে ফিরে না গেলে আরও শক্ত গলায় নিজেদের অস্তিত্বের জানান দিতে পারত বাংলাদেশ। তবে ৩০৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৩৬ ওভারে ২১৪ রানটাকে কোনো অবস্থাতেই খারাপ বলা যাবে না। প্রথম থেকেই স্ট্রোকের ফুলঝুড়ি ছুটিয়ে নিউজিল্যান্ডের বোলারদের ব্যতিব্যস্ত রেখেছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। রান তাড়া করার লড়াইটা দারুণভাবে এগিয়ে দিয়ে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান ও জিয়াউর রহমান।
তামিমের বদলে একাদশে জায়গা পেয়ে জিয়া আজ প্রমাণ করেছেন নতুন বলেও তাঁর ব্যাট দারুণ চওড়া। ২০ বলে ২২ রান করে জিয়া যখন প্যাভিলিয়নে ফেরেন তখন বাংলাদেশের সংগ্রহ তখন অষ্টম ওভারেই ষাট ছাড়িয়েছে। জিয়া ফিরে রান যাওয়ার পর শামসুর রহমান রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট চালাতে থাকেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন মুমিনুল হক। বাংলাদেশের ‘লিটল মাস্টার’ ৩২ রান করে ডেভচিচের হাতে কট অ্যান্ড বোল্ড হন। এরপরই আসে এক বিপর্যয়। মাত্র ২ রানে নাথান ম্যাককালামের বলে টেলরের হাতে ক্যাচ দেন অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিকের বিদায়ের পর নাঈম ইসলাম আর শামসুর রহমান নিজেদের মধ্যে ৭৫ রান তুলে বাংলাদেশকে সঠিক পথেই রাখেন। তবে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরির স্বাদ থেকে বঞ্চিত হওয়া শামসুর রহমানের জন্য খচখচানিটা থাকছেই। এই মুহূর্তে নাঈম ইসলামের সঙ্গী হয়ে রান তাড়ায় অবদান রাখছেন নাসির হোসেন।