লড়েই তৃপ্ত ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওটিস গিবসন নিশ্চয়ই দারুণ তৃপ্ত! সর্বশেষ সফরে লর্ডস টেস্ট আড়াই দিনে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার ইংল্যান্ডে পা রেখেই ওয়েস্ট ইন্ডিজ কোচ বলেছিলেন, ‘টেস্ট পাঁচ দিনে নিতে পারলেই খুশি আমরা।’ গিবসনের আশা যে পূরণ হচ্ছে না, এটা নিশ্চিত ধরে নিয়েই যেন পঞ্চম দিনের টিকিট ছাপায়নি ইসিবি! ম্যাচ শুধু পাঁচ দিনেই যায়নি, পঞ্চম দিন শুরুর সময় জয়ের আশাও ছিল ওয়েস্ট ইন্ডিজের। খেলা শুরুর ঘণ্টা খানেকের মধ্যে সেই আশার পালে লেগেছিল জোর হাওয়া। শেষ পর্যন্ত হেরেছে, কিন্তু লড়াই তো ভালোই জমেছিল। নৈতিক একটা জয় তো হয়েছেই!মুদ্রার উল্টো পিঠও আছে। লড়াই এই ওয়েস্ট ইন্ডিজ বেশ কিছুদিন ধরেই করছে। ভারতের বিপক্ষে দেশের মাটিতে ও ভারতে করেছে, পাকিস্তানের বিপক্ষে করেছে, ফ্রাঙ্ক ওরেল ট্রফিতে করেছে। লড়াই থেকে এবার পরবর্তী ধাপটায় তো যেতে হবে। জয়ের দেখা মিলবে কবে!এই উত্তর খোঁজার পথে হাঁটেননি ড্যারেন স্যামি। বরং নৈতিক জয়েই তৃপ্ত ক্যারিবিয়ান অধিনায়ক, ‘আমরা মোটামুটি সন্তুষ্ট। আমাদের বলা হয়েছিল, পঞ্চম দিনের টিকিট ছাপানো হয়নি। আমরা ম্যাচ পঞ্চম দিনে নিয়ে গেছি। যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই হার না মানার মানসিকতা আমরা ধরে রাখতে পেরেছি। বেশ কয়েকজনের পারফরম্যান্সও ছিল দারুণ। আমরা এই ইতিবাচক দিকগুলো পরের টেস্টে নিয়ে যাব।’ একদিক থেকে স্যামির ভাবনাকে সমালোচনা করার উপায় নেই। সাত নম্বরের সঙ্গে লড়াইয়ে এক নম্বরের জয়টা প্রত্যাশিতই। ওয়েস্ট ইন্ডিজ এভাবে লড়াই করবে, এটাই বরং খানিকটা চমকে দিয়েছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের শেষ সাত উইকেট তুলে নিয়েছে ১৫৪ রানে। দ্বিতীয় ইনিংসে তুলেছে সাড়ে তিন শ ছুঁই ছুঁই রান। ১৯১ রান তাড়ায় ইংল্যান্ড খাবি খেতেও শুরু করেছিল ৫৭ রানে চার উইকেট হারিয়ে। কুক-বেলের ১৩২ রানের দারুণ এক জুটিতে শেষ পর্যন্ত মান বেঁচেছে এক নম্বরদের। কাজটা যে কঠিন হয়ে গিয়েছিল, মানছেন অ্যান্ড্রু স্ট্রাউসও, ‘রান তাড়া করা সব সময়ই কিছুটা চাপের। যদিও আমরা ভেবেছিলাম কাজটা এমন কঠিন হবে না, কারণ উইকেট মোটামুটি নিষ্প্রাণ ছিল। তবে দ্রুত কিছু উইকেট হারিয়ে কাজটা আমরাই কঠিন করে তুলেছিলাম। বেল ও কুক দুর্দান্ত খেলেছে। আমরা জানতাম, নতুন বলটা পার করে দিলে কাজটা সহজ হয়ে যাবে। সেটাই হয়েছে।’লড়াইয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে প্রাপ্য কৃতিত্ব দিলেন স্টুয়ার্ট ব্রডও। ক্যারিয়ারে প্রথম ম্যাচে ১০ উইকেট (১১/১৬৫) তাঁকে এনে দিয়েছে ম্যাচ-সেরার সম্মান। সর্বশেষ কোনো ইংলিশ বোলার লর্ডসে ১০ উইকেট পেয়েছিলেন ১৯৭৮ সালে (ইয়ান বোথাম), এই দলের একমাত্র স্ট্রাউসই তখন পৃথিবীর আলো দেখেছেন! সেঞ্চুরি, পাঁচ উইকেটের পর ১০ উইকেট পেয়ে নাম লেখালেন লর্ডসের তিনটি অনার্স বোর্ডেই। তবে নিজেকে আরেক ধাপ এগিয়ে নিতে চান ব্রড, ‘উন্নতির জায়গা সব সময়ই থাকে। প্রথম ইনিংসে আমি খুব ভালো বোলিং করতে পারিনি। দ্বিতীয় ইনিংসে অবশ্য ছন্দ খুঁজে পেয়েছি। ১০ উইকেটের বোর্ডটা ১৯৭৮ সাল থেকে খালি, এই শূন্যতা পূরণ করতে পেরে ভালো লাগছে।’পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও লর্ডস টেস্ট ওয়েস্ট ইন্ডিজকে শুনিয়েছে দুটি দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ৮০ ভাগ কাটা গেছে ড্যারেন স্যামির, বাকি সতীর্থদের ৪০ ভাগ। এক বছরের মধ্যে আবারও এমন হলে নিষিদ্ধ হতে হবে স্যামিকে। দ্বিতীয় দুঃসংবাদ হলো, চোট নিয়ে দেশে ফিরে যাচ্ছেন অভিষেকে চার উইকেট নেওয়া পেসার শ্যানন গ্যাব্রিয়েল। তাঁর জায়গায় তিন বছর পর ডাক পেয়েছেন টিনো বেস্ট। এএফপি, ওয়েবসাইট।