ল’কে জন্মদিনের উপহার
সকালে ড্রেসিংরুমে এসেই মুশফিকুর রহিমের শুভেচ্ছা পেলেন। আগাম একটা ঘোষণাও ছিল—বাংলাদেশ ম্যাচ জিতলে জয়টা উৎসর্গ করা হবে তাঁকে। ধন্যবাদ জানিয়ে কোচ বলেছিলেন, ‘জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর হবে না।’বাংলাদেশ কোচ স্টুয়ার্ট লর জন্মদিন ছিল কাল। ৪৩ বছরে পা দেওয়ার দিনটাতে ওয়েস্ট ইন্ডিজকে যেভাবে হারাল বাংলাদেশ, জন্মদিনের উপহার হিসেবে অনন্য। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনের পর ড্রেসিংরুমে ফিরে আনুষ্ঠানিকভাবেই কোচকে জয় উৎসর্গ করার কথা মুশফিকের। ছাত্রদের কাছ থেকে এই উপহার পাওয়ায় খুশি কোচও। তবে সিরিজে এখন পর্যন্ত বাংলাদেশ দলের পারফরম্যান্সে খুশি কি না জানতে চাইলে পাল্টা প্রশ্নই করে বসলেন ল, ‘কীভাবে খুশি হব? আমরা তো সিরিজটা হেরে গেলাম!’বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েই জিম্বাবুয়ে সিরিজে খুব হতাশ হতে হয়েছে ল’কে। টি-টোয়েন্টি ম্যাচে জয় দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা সেই হতাশা দূর করার উপলক্ষ তাঁর জন্য। এখন পর্যন্ত পাওয়া দুটি জয় হয়তো কিছুটা হলেও দূর করেছে সেই হতাশা। তবে কোচ একটু অতৃপ্তই, ‘প্রথম দুই ওয়ানডেতে ভালো ব্যাটিং করিনি আমরা। প্রথম ম্যাচটা জিততে পারলে এই সিরিজে আমাদের হারানো কঠিন হতো।’ এখন পর্যন্ত যা অর্জন, তাতে দুটো জয় ছাড়া সাফল্য দেখছেন সামান্যই, ‘ছোট ছোট অনেক জায়গায় আমরা ভুল করে গেছি, যেগুলো উচিত হয়নি। জিততে চাইলে এসব ভুল করা যাবে না।’কাল বিকেলে স্টুয়ার্ট ল যখন কথাগুলো বলছিলেন, একটু দূরে মাঠে দাঁড়িয়ে থাকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা ভাসছিলেন অভিনন্দনে। চট্টগ্রামের উইকেটে আবারও বাংলাদেশ জয়ের দেখা পাওয়াতেই এই অভিনন্দন। স্টুয়ার্ট ল-ও বাংলাদেশের বোলারদের উইকেটের সাহায্য পাওয়ার ব্যাপারটা মানছেন। তবে তাঁর চোখে কৃতিত্বটা বেশি বোলারদেরই, ‘মূল ব্যাপার হলো, ভালো জায়গায় বল ফেলা। আমাদের বোলাররা বেশির ভাগ সময়ই সেটা করতে পেরেছে।’২১ অক্টোবর থেকে চট্টগ্রামেই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। শেষ ওয়ানডের জয় টেস্টে কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়াবে বলে মানছেন ল। তবে একই সঙ্গে সতর্ক থাকতে চান, ‘টেস্ট ক্রিকেটে পরিশ্রমের বিকল্প নেই। ছেলেদের কঠোর পরিশ্রম করতে হবে, পাঁচ দিন মাঠে থাকার মানসিকতা নিয়ে মাঠে নামা চাই।’