ল’র উত্তরসূরি পাইবাসই
শেষ পর্যন্ত চুক্তির শর্ত নিয়ে মতৈক্যে পৌঁছেছে দুই পক্ষই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে রিচার্ড পাইবাসই হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী কোচ। আজ দুপুরে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের এই খবর নিশ্চিত করেছেন।বেশ কিছুদিন ধরেই দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী এই ইংলিশ কোচকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার তোড়জোড় চলছিল। রিচার্ড পাইবাস এ ব্যাপারে বাংলাদেশও ঘুরে যান। বাংলাদেশ সফরকালে তাঁর আলোচনা হয় বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামালের সঙ্গে। সেখানে আনুষ্ঠানিকভাবে পাইবাসকে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে পাইবাস কোচ হওয়ার ব্যাপারে কিছু শর্তারোপ করেছিলেন। এত দিন এই শর্তগুলো নিয়েই চলছিল আলাপ-আলোচনা। আজ বুধবার পাইবাস কোচ হওয়ার ব্যাপারে নিজের সম্মতির কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেন।বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জানিয়েছেন, পাইবাসের সঙ্গে চুক্তিটি হবে আপাতত দুই বছরের। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন জিম্বাবুয়ে সফরের আগেই দায়িত্ব নেবেন বলে তিনি জানান।নিজামউদ্দিন চৌধুরী আরও জানান, চুক্তির শর্ত নিয়ে দুই পক্ষই সমঝোতায় পৌঁছেছে। উভয় পক্ষই কিছু ব্যাপারে ছাড় দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে। তিনি পাইবাসের সঙ্গে বিসিবির চুক্তিকে ‘উভয় পক্ষের জন্যই লাভজনক’ হিসেবে বর্ণনা করেন।