শক্ত অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংস্টন টেস্টের শুরুটা বেশ ভালো মতোই করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ফিদেল এডওয়ার্ড, রবি রামপল ও দেবেন্দ্র বিশুর দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে তাঁরা ভারতকে গুটিয়ে দিয়েছে মাত্র ২৪৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ১ উইকেটের বিনিময়ে ৩৪ রান সংগ্রহ করেছেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। আদ্রিয়ান বারাথ ২৬ ও রামনরেশ সারওয়ান ২ রান নিয়ে ব্যাট করছেন।টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু শুরুতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং অর্ডার। মাত্র ৮৫ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল সফরকারীরা। শেষ পর্যন্ত এতগুলো রানও যে স্কোরবোর্ডে যুক্ত হবে তা হয়তো কেউ ভাবতে পারেনি। কিন্তু তাদের মানসম্মান কিছুটা রক্ষা করেন সুরেশ রায়না ও ‘অলরাউন্ডার’ হরভজন সিং। সপ্তম উইকেটে তাঁরা গড়ে তোলেন ১৪৬ রানের মহামূল্যবান এক জুটি। ৭৪ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে এডওয়ার্ডের শিকারে পরিণত হন হরভজন। এরপর আর দীর্ঘস্থায়ী হয়নি ভারতীয় ইনিংস। ৮২ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন সুরেশ রায়না।উইন্ডিজের পক্ষে মাত্র ৫৬ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন ফিদেল এডওয়ার্ড। রবি রামপল ও দেবেন্দ্র বিশু পেয়েছেন তিনটি করে উইকেট।