শক্ত অবস্থানে পাকিস্তান
গল টেস্টে ২০৯ রানের বিশাল ব্যবধানে হেরে গেলেও শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টের শুরুটা বেশ ভালোভাবেই করেছে সফরকারী পাকিস্তান। মোহাম্মদ হাফিজের দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র এক উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করেছে মিসবাহ বাহিনী। ১৭২ রানের অসাধারণ এক ইনিংস খেলে এখনো অপরাজিত আছেন হাফিজ।আজ কলম্বো টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লংকান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। আর তাঁর এ সিদ্ধান্তের অযৌক্তিকতা বেশ ভালোমতোই প্রমাণ করেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিতেই দুই পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজ ও তৌফিক উমর যোগ করেছিলেন ৭৮ রান। দিনের ২২তম ওভারে এই জুটি ভেঙে লঙ্কান শিবিরে স্বস্তি ফিরিয়েছিলেন অ্যাঙ্গেলো ম্যাথুস। ৭২ বলে ৬৫ রান করে ফিরে যান তৌফিক। তবে তারপর দিনের বাকিটা সময় আবারও শ্রীলঙ্কান বোলারদের নাজেহাল করেছেন হাফিজ ও আজহার আলী। দ্বিতীয় উইকেটে ২৫৬ রানের জুটি গড়ে এখনো অপরাজিত আছেন এ দুই ব্যাটসম্যান। ১৭২ রান করা হাফিজের সামনে আছে ডাবল সেঞ্চুরির হাতছানি। আর শতকের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন আজহার। ৯২ রান করে অপরাজিত আছেন এ ডানহাতি ব্যাটসম্যান।