শক্তির বিপক্ষে কৌশলের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে শেখ রাসেল ও শেখ জামালের শক্তি। অন্যদিকে প্রতিপক্ষ মোহামেডান-মুক্তিযোদ্ধা কোচের ক্ষুরধার মস্তিষ্ক ব্যবহার। দুইয়ে মিলে আজ জমাট দুটি সেমিফাইনালেরই আমন্ত্রণ জানাচ্ছে স্বাধীনতা কাপ।বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে আবাহনী নেই, এটা টুর্নামেন্টের একটা ঘাটতিই। তবে সেমির চৌকাঠে পা রাখা চার দল আজকের দিনটাকে আকর্ষণীয় করে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।যদিও শক্তি-সামর্থ্যে চার দলের অবস্থান একই বিন্দুতে নয়। শেখ জামালের বিপক্ষে বিকেল সাড়ে চারটার প্রথম সেমিতে মোহামেডান ‘আন্ডারডগ’। সন্ধ্যা ৭টার শেখ রাসেল-মুক্তিযোদ্ধা দ্বিতীয় সেমিতে রাসেল নিরঙ্কুশ ফেবারিট, যারা গত স্বাধীনতা কাপের ফাইনালে ফরাশগঞ্জের কাছে হারটা আজও ভোলেনি। ঢাকার ফুটবলের এই সময়ের সবচেয়ে বড় ‘বাঘ’ শেখ রাসেল এ ম্যাচে হারলে সেটি হবে অঘটন! অবশ্য নির্দিষ্ট দিনের রাশিফলটা কার পক্ষে যায়, সেটিই আসল। বাফুফে ভবনে কাল আয়োজিত চার দলের সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম তা মনে করিয়ে দিলেন আলাদা করে, ‘রাসেলের বাজে দিন এলে অবশ্যই আমাদের সম্ভাবনা আছে।’ রাসেলের কোচ মারুফুল হক ‘বাজে দিন’ থেকে বেশ সতর্ক। তাঁর তীব্র আশাবাদ, ‘সব ঠিকঠাক চললে দিন শেষে আমরাই জিতব।’জেতার জন্য সব রসদেই ভরপুর রাসেল। সনি নর্দের মতো প্লে-মেকার আছে, মামুনুল-নর্দেরা মাঝমাঠের নিয়ন্ত্রণ রেখেই খেলেন বরাবর। এমিলি-মিঠুনদের নিয়ে আক্রমণও বেশ শক্তিশালী। পাসিং এবং প্রেসিং ফুটবলের অনুসারী রাসেলের ওপর চাপটাও অবশ্য অন্যদের চেয়ে বেশি। এটিকে জয় করার ব্যাপারটা চ্যালেঞ্জ না হয়ে দাঁড়ায়!মোহামেডানের সে রকম কোনো ব্যাপার নেই। বরং ‘যা পাই তাই লাভ’! এই টুর্নামেন্টেরই গ্রুপ পর্বে জামালের সঙ্গে তারা ১-১ ড্র করেছে, তবে মৌসুমে দুবার হেরেছে। হারের বৃত্তটা আর যাতে বড় না হয়, সেই লক্ষ্যপূরণে আজ মোহামেডানের বড় সহায় হতে পারে সমর্থকদের দেওয়া উৎসাহ।মোহামেডান কোচ সাইফুল বারী অবশ্য বাস্তবতার জমিনেই রাখছেন পা, ‘ওরা অনেক ভালো দল। ম্যাচে ভুল করা যাবে না। ফাইনালে যেতে সব কৌশলই আমরা প্রয়োগ করব। আমাদের সতর্ক হয়ে খেলতে হবে।’শেখ জামাল কোচ যোসেফ আপুসিও প্রতিপক্ষকে শ্রদ্ধার আসনে রাখছেন, ‘ফেডারেশন কাপের ফাইনালে আমরা হেরেছি রাসেলের কাছে। আরেকটি ফাইনালে ওঠার সুযোগ অবশ্যই কাজে লাগাতে চাই।’সংবাদ সম্মেলনে মোহামেডান অধিনায়ক ছাড়া বাকি তিন অধিনায়কই ছিলেন। শেখ রাসেলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্যের কণ্ঠটাই একটু জোরালো লাগল অন্যদের চেয়ে, ‘আমরা স্বাধীনতা কাপ ঘরে তোলা ছাড়া আর কিছুই ভাবছি না।’শক্তিতে ‘এক নম্বর’ শেখ রাসেলের ওপরই আসলে সব আলো।