শক্তিশালী দলই জিতবে নিষ্প্রাণ উইকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করতে প্রস্তুত ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা সিরিজে ও দুটো প্রস্তুতি ম্যাচে সামর্থ্য ও ফর্মের প্রমাণ দিয়েছে ভারত। একঝাঁক আত্মবিশ্বাসী ও অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে দলটি এককাট্টা, যা কাগজে-কলমে তাদের শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে।অন্যদিকে বাংলাদেশ দলটা তরুণ ও রোমাঞ্চকর। সিমিং উইকেটে ভারতকে তারা নিশ্চিতভাবেই বিস্ময় উপহার দিতে পারে, যেমনটা দিয়েছিল গত বিশ্বকাপে। সাম্প্রতিক অতীতে দলটা অনেক সম্ভাবনা দেখিয়েছে, কিন্তু নিষ্প্রাণ উইকেটে শক্তিশালী দলই জিতবে।প্রথমে ব্যাট করলে ভারত যেমন বড় রান করতে পারে, তেমনই বড় রান সহজে তাড়া করার সামর্থ্যও আছে। তাদের ব্যাটিং লাইনআপ অভিজ্ঞ ও শক্তিশালী। ম্যাচ জেতানোর মতো অনেক ক্রিকেটার আছে দলে, নিজেদের দিনে যারা একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। অবশ্যই ভারতের লক্ষ্য থাকবে বড় জয়, তবে তারা তো আর আগে থেকেই লক্ষ্য ঠিক করতে পারে না। তাদের উচিত হবে, সব সময়ের মতোই সহজাত খেলাটা খেলা। পরিকল্পনা হতে হবে সাধারণ এবং সেগুলোতে অবিচল থাকতে হবে; বোলিংয়ের সময় উইকেট নেওয়া এবং ব্যাটিংয়ের সময় উইকেট হাতে রাখা, প্রতিটি ব্যাটসম্যান যেন অন্তত ৫ ওভার উইকেটে থাকতে পারে। কৌশলটা হলো, শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলা।ভারতের ব্যাটসম্যানদের দুশ্চিন্তার কিছু নেই। তারা যে কাজটা সব সময়ই ভালো করে, সেই সহজাত খেলাটা খেলতে হবে। স্পিনের বিপক্ষে ভারতীয়রা বিশ্বসেরা ব্যাটসম্যান। পাকিস্তানে আমি শেন ওয়ার্নকে দেখেছি প্রচুর উইকেট নিতে, কিন্তু ভারতে সে সব সময়ই তুলাধোনা হয়েছে। একই কথা বলা যায় মুত্তিয়া মুরালিধরনের ক্ষেত্রেও।শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ যদি ২০-২৫ ওভার টিকে থাকতে পারে, অন্যরা বাকিটা করে নিশ্চিত করে দেবে সহজ জয়। শচীন-শেবাগের পরও আছে গম্ভীর, কোহলি, যুবরাজ, ইউসুফ ও অধিনায়ক ধোনি...ভীতি-জাগানিয়া ব্যাটিং লাইনআপ। দক্ষিণ আফ্রিকায় ইউসুফ পাঠানের পারফরম্যান্স এই টুর্নামেন্টেও তাঁকে অনুপ্রেরণা জোগাবে। শর্ট বলে দুর্বলতা নিয়ে যাবতীয় গুঞ্জন সে উড়িয়ে দিয়েছে এবং এই টুর্নামেন্টেও ভালো করতে উন্মুখ থাকবে। আমার বিশ্বাস, উইকেট উপমহাদেশের আর সব উইকেটের মতোই নিষ্প্রাণ থাকবে। মনে হয় না তিনজন স্পিনার খেলানো ভারতের জন্য শুভবুদ্ধির কাজ হবে, তারা বরং একজন অলরাউন্ডার খেলাতে পারে। জহির ও নেহরাকে খুব ভালো ছন্দে মনে হচ্ছে। প্রয়োজনে ইউসুফ, শেবাগ ও যুবরাজ বোলিংয়ে হাত লাগাতে পারে।আমি জানি, দেশের মাটিতে ঘরের দর্শকের সামনে দলের ওপর অনেক চাপ, কিন্তু ধোনি দারুণ দক্ষতায় চাপটাকে বাড়তি দায়িত্বে বদলে ফেলেছে।