শক্তিশালী দুই বোলিং আক্রমণের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্ট গত কয়েক দিনে কিছুটা জমে উঠেছে। দুর্দান্ত দুটি ম্যাচ অপেক্ষা করছে। প্রথমে আজকের শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ। কানাডাকে উড়িয়ে দিয়ে জেতা শ্রীলঙ্কার জন্য বড় পরীক্ষা এটি। পাকিস্তান দলকে আমি সমীহ করি। অভিজ্ঞতা আর তারুণ্য মিলে সুসমন্বিত একটি দল ওরা। দল আর জাতি হিসেবে ওরা যে ঝঞ্ঝাট পেরিয়ে এসেছে, তার কারণেও ওরা ভয়ংকর।কখনো কখনো কোনো দল খেলার সাফল্য দিয়ে তাদের জাতির সমস্যার ক্ষতে প্রলেপ দিতে চায়। আমার ক্যারিয়ারে এ রকমটা হয়েছে। আমরা দেশের মানুষের সমস্যা আর কষ্টের কথা শুনতে পেতাম। এটাই দলকে দৃঢ়প্রতিজ্ঞ করেছিল। দেয়ালে পিঠ ঠেকে গেলে অথবা চোয়ালবদ্ধ পণ করলে পাকিস্তান সব সময়ই ভয়ংকর দল। ওদের দিকে লক্ষ রাখছি আমি। আর এই ম্যাচেই প্রথম শক্তিশালী দুটি বোলিং আক্রমণ মুখোমুখি হচ্ছে। দুই দলেরই আক্রমণে আছে বৈচিত্র্য।খেলা হবে প্রেমাদাসার নতুন উইকেটে। পাকিস্তানের মতো শ্রীলঙ্কার কাছেও এই উইকেট অপরিচিত। আর এটাই শ্রীলঙ্কার ঘরের মাঠের সুবিধাটা কমিয়ে দিচ্ছে।রোমাঞ্চকর সপ্তাহের অন্য পিঠে রয়েছে আগামীকালের ভারত-ইংল্যান্ড ম্যাচটি। ভারত ইংল্যান্ডের সর্বোচ্চ মানের পেস আক্রমণকে কীভাবে সামলায়, এটা হবে দেখার মতো বিষয়। হল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের কিছু বাজে সময় গেছে এবং আমার ধারণা গত কয়েক দিন তারা বোলিং নিয়ে ভালো কাজ করেছে। ভালো স্পিন আক্রমণের বিপক্ষে দুর্বল ইংল্যান্ডের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির পরিকল্পনা কী হয়, সেটা দেখার জন্য উন্মুখ হয়ে আছি। ইংল্যান্ডের মিডল-অর্ডার লেগ স্পিনের বিপক্ষে খুবই অনভিজ্ঞ। এর সুযোগ নিতে ভারত পীযূষ চাওলাকে দলে নিতে পারে। তরুণ চাওলাও নজরকাড়ার মতো একজন এবং ও ওর পথে আসা যেকোনো সুযোগের সদ্ব্যবহার করে আসছে।এই সপ্তাহটা দেখেই মনে হচ্ছে এটাই আসলে বিশ্বকাপ। এর আগে-পরে ‘ছোট’দের হিসাব কেমন যেন ঝিমমারা। আমি মানছি, ক্রিকেটের পুরোনো দলগুলোর বাইরেও খেলাটির উন্নয়ন করা দরকার। তবে চার-চারটি ছোট দল একটু বেশিই মনে হয় আমার কাছে। চার দলের পরিবর্তে যদি ছোট দল দুটি থাকে তাহলে টুর্নামেন্টের সূচিতেও চাপ কম পড়বে।