শঙ্কা উড়িয়ে দিল ফিফা
মাঠ ও মাঠের বাইরের ছবিটা যেন একেবারেই আলাদা। গ্যালারিতে বসে খেলা দেখছে যারা, তারা চিরায়ত ব্রাজিলিয়ান ফুটবলের সমর্থক। সাম্বার ছন্দে মাতোয়ারা, ফুটবল তাদের কাছে উৎসব। অথচ সেই ব্রাজিলই মাঠের বাইরে উত্তাল সরকারবিরোধী আন্দোলনে, প্রতিবাদ মিছিলে!
দুর্নীতি, পরিবহনের ভাড়া বৃদ্ধি ও ২০১৪ বিশ্বকাপ ফুটবলের বিশাল বাজেটের বিরুদ্ধে সেই আন্দোলন ক্রমে এতই জোরদার হচ্ছে যে, কনফেডারেশনস কাপটাই শেষ হবে কি না, এ নিয়েই অনেকের শঙ্কা। যদিও ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, যা-ই হোক না কেন, কনফেডারেশনস কাপ বাতিল করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের।
পরশুও ব্রাজিলের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে ১০ লাখেরও বেশি মানুষ। গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট দিলমা রুসেফ জাপান সফর বাতিল করে কাল মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। তবে খুব শিগগির বোধ হয় এ সমস্যার সমাধান তিনি করতে পারছেন না। গতকাল ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমেও খবর ছিল, নিরাপত্তাহীনতার কারণে মাঝপথেই বন্ধ হয়ে যেতে পারে কনফেডারেশনস কাপ। যদিও রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, এখনো পর্যন্ত ফিফা কিংবা স্থানীয় আয়োজকদের পক্ষ থেকে এ রকম কিছু ভাবা হচ্ছে না।
ব্রাজিলিয়ান ফুটবল-সমর্থকদের জন্য আপাতত স্বস্তি এটুকুই। রয়টার্স।