শঙ্কা কেটেছে নাইজেরিয়াকে নিয়ে
কনফেডারেশনস কাপ শুরুর মাত্র দুদিন আগে ধর্মঘটের ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন নাইজেরিয়ার ফুটবলাররা। গতকাল ব্রাজিলে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত বিমানে চাপতে অস্বীকৃতি জানিয়েছিলেন তাঁরা। এর ফলে শঙ্কা দেখা দিয়েছিল বিশ্বকাপের মহড়া প্রতিযোগিতাটি নিয়েই। তবে ফিফার হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়েছে। আগামীকাল শনিবার নাইজেরিয়ার ফুটবল দল ব্রাজিলে পৌঁছাবে বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। আগামীকালই শুরু হয়ে যাচ্ছে কনফেডারেশনস কাপ। নাইজেরিয়ার প্রথম ম্যাচ অবশ্য সোমবার।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে খেলোয়াড়দের ১০ হাজার ডলার করে বাড়তি বোনাস দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল নাইজেরিয়ার ফুটবল সংস্থা। কিন্তু হঠাত্ করেই সেই বোনাসের পরিমাণ অর্ধেক করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলে ধর্মঘটের ডাক দেন ফুটবলাররা। গতকাল নামিবিয়া থেকে ব্রাজিলগামী বিমানটি নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও তাতে চড়েননি নাইজেরিয়ার খেলোয়াড়রা। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি জানার পরপরই দ্রুত পদক্ষেপ নিয়েছেন ফিফার মহাসচিব জেরোমে ভালক। নাইজেরিয়ার টিম ম্যানেজারের সঙ্গে কথা বলে সমাধান করেছেন বিষয়টি। এরপর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বিগ্ন ফুটবলপ্রেমীদের উদ্দেশে জানিয়েছেন, ‘নাইজেরিয়া কনফেডারেশনস কাপে অংশ নিতে ব্রাজিলে পৌঁছাবে আগামী শনিবার।’
আফ্রিকান নেশনস কাপজয়ী দেশ হিসেবে কনফেডারেশনস কাপে অংশ নিতে যাচ্ছে নাইজেরিয়া। নতুন কোনো বাগড়া না বাধলে সোমবার তাহিতির বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে সুপার ইগলসরা।— রয়টার্স