শঙ্কা নেই বিশ্বকাপ নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাশিয়ার অ্যাথলেটদের অবিশ্বাস্য ডোপিং কেলেঙ্কারির ঘোর এখনো কাটেনি। আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া রিও অলিম্পিকে এ জন্য রুশ অ্যাথলেটদের নিষিদ্ধও করেছে আন্তর্জাতিক অ্যাথলেটিকস কমিটি (আইওসি)। এই সিদ্ধান্ত প্রশ্ন তুলে দিয়েছে দুই বছর পর রাশিয়াতেই হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়েও। রাশিয়াতেই থাকছে সেটি, নাকি অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে? রাশিয়ার জন্য সুখবর, ফিফা এই প্রশ্নে তাদের পক্ষেই আছে।
সংশয় জাগছে আসলে রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত ২০১৪ শীতকালীন অলিম্পিকে ডোপিং-কাণ্ডের কারণে। স্বর্ণপদকের সংখ্যা বাড়াতে সেবার ডোপিংয়ের আশ্রয় নেয় রাশিয়া। গত পরশু প্রকাশিত কানাডিয়ান আইনের প্রভাষক ডক্টর রিচার্ড ম্যাকলারেনের প্রতিবেদনে বলা হয়েছে, সেই অলিম্পিকে রাশিয়ার সরকারের নির্দেশেই ‘প্রতারক’ অ্যাথলেটদের বাঁচাতে মূত্র-নমুনায় বদল আনা হয়েছিল।
২০১৮ রাশিয়া ফুটবল বিশ্বকাপ ও তার আগে ২০১৭ কনফেডারেশন কাপকে ঘিরে সংশয় উঠেছেও এই কারণে। কদিন আগেই শেষ হওয়া ইউরোতে রাশিয়ার পারফরম্যান্স ছিল খুবই বাজে। তার ওপর তাদের প্রায় সব ফুটবলারই ঘরোয়া লিগেই খেলেন। তাই এই বিশ্বকাপেও ‘সোচি অলিম্পিক-কাণ্ড’ ঘটবে না, তার নিশ্চয়তা কী?
তবে ফিফা এই দিকটা নিয়ে ভাবছে না। গোল ডটকমকে ফিফার এক মুখপাত্র বলেছেন, ‘অন্য সব ফিফা টুর্নামেন্টের মতো ২০১৮ ফিফা বিশ্বকাপ ও ২০১৭ কনফেডারেশন কাপেও ডোপিং-বিরোধী প্রোগ্রামের দায়িত্ব ফিফার হাতেই থাকবে। ওয়াডার পরামর্শ ও আধুনিক বিজ্ঞানের সুবিধা নিয়ে সেটিতে তাই সর্বোচ্চ মানের নিশ্চয়তা থাকছে।’ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বরং দুর্দান্ত একটি বিশ্বকাপেরই স্বপ্ন দেখছে। গোলডটকম।